• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘মস্তানি’র জোরে নেতা হবার দিন শেষ’


প্রকাশিত: ৫:৩২ পিএম, ৭ ডিসেম্বর ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬২ বার

স্টাফ রিপোর্টার/ চট্টগ্রাম প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুশিয়ারি করে বলেছেন, ঝকঝকে পোস্টারের ছবি কাউকে নেতা বানাবে না; মস্তানি করে পেশির বলে’ও নেতা হবার দিন শেষ বলেও হুশিয়ারি করেন তিনি; এমনকি বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দিয়ে নেতা হওয়া যায় না। শনিবার দুপুরে চট্টগ্রামের লালদীঘি ময়দানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বক্তব্য দেয়ার সময় বিভিন্ন নেতার নামে স্লোগান দেয়া হয়েছে। যা শুনে বিরক্তি প্রকাশ করেন তিনি।সেতুমন্ত্রী বলেন, বাড়াবাড়ির একটা সীমা আছে। এটা বাড়াবাড়ি হয়েছে। স্লোগান দিয়ে নেতা বানানো যাবে না। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দিয়ে নেতা হওয়া যায় না।ওবায়দুল কাদের বলেন, নেতা হবে দলের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী। নেতা হবেন ত্যাগীরা, যারা দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছে। সুখে-দুঃখে দলের সঙ্গে ছিল, তারাই হবে নেতা।

‘তোমাদের স্লোগানে কি নেতা বানাব? ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে যাদের বিলবোর্ড-ব্যানার বেশি ছিল, তারা কেউই নেতা হননি। গত কয়েকদিনে অনেকগুলো সম্মেলন করেছি। নেতা নিয়ম অনুযায়ী হয়েছে। ওবায়দুল কাদের বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, খারাপ লোককে দল ভারী করার জন্য আওয়ামী লীগে আনবেন না। আমাদের বহু লোক রয়েছে। খারাপ লোকের প্রয়োজন নেই।

তিনি জানান, বুয়েটের আবরার হত্যাকারীর মতো কর্মী আমাদের দরকার নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় মারামারি করে, এমন লোক আমাদের দরকার নেই। রাজশাহীতে অধ্যক্ষকে পানিতে ফেলে দেয়, এমন কর্মী আমাদের দরকার নেই। চট্টগ্রামে দলীয় কোন্দলের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামের মাটি শেখ হাসিনার ঘাঁটি। এ ঘাঁটিতে যে ফাটল ধরেছে, তা ক্লোজ করে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে চাই, সুবিধাবাদী চাই না। মৌসুমী ও অতিথি পাখিদের স্থান আওয়ামী লীগে নেই। দল ভারী করার জন্য যে পকেট কমিটি করবে, তাদের প্রয়োজন নেই।

চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম এ সালাম।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলনের আগেই চেয়ার ছোড়াছুড়ি

সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে নগরীর লালদিঘী মাঠে এই ঘটনা যখন ঘটেছে।কেন্দ্রীয় সম্মেলনের আগে দেশজুড়ে জেলা-উপজেলায় এখন আওয়ামী লীগের সম্মেলন চলছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন হচ্ছে।সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে লালদিঘী মাঠে আসতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা।প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল থেকে মাঠে অবস্থান নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের অনুসারীরা।

১০টার কিছু সময় আগে মাঠে আসেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমানের অনুসারীরা।এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, পরে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। প্রায় ১০ মিনিট ধরে চলে এই সংঘাত। তখন পুলিশ গিয়ে তাদের নিবৃত্ত করেন।কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে বড় ধরনের কিছু হয়নি।

বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সম্মেলন উদ্বোধন করেন।উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর এতে সভাপতিত্ব করেন।উদ্বোধন অধিবেশনে বিশেষ অতিথি রয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।