‘বিএনপি জেনে শুনে বিষ পান করেছে’
বিশেষ প্রতিনিধি : সিটি নির্বাচনে বিএনপি অংশ নিয়ে জেনে শুনে বিষ পান করেছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশনের (ইসি) প্রতি জনগণের আস্থা নেই জেনেও আমরা ভোট করছি। একই সঙ্গে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটির নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।শুক্রবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সংশয় প্রকাশ করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ ভোট দিতে পারবে না, ইসির প্রতি শুধু আমাদের না, সারা দেশের মানুষের আস্থা নেই। তারপরও আমরা জেনেশুনে বিষ পান করছি, আপনাদের (গণমাধ্যমের) মুখ রক্ষা করার জন্য। নির্বাচনে গেলেও সমালোচনা হয়, না গেলেও সমালোচনা হয়। সবাই প্রত্যক্ষ করবেন এই ইসি শেষ পর্যন্ত কী করে। একটা সময় আসবে যখন সকলে মুখ ফিরিয়ে নেবেন। তখন আমরাও ইসি থেকে মুখ ফিরিয়ে নেব এবং কোনো নির্বাচনে যাব না।
তিনি অভিযোগ করে বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জেদ করে জনগণের ওপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চাপিয়ে দিতে চাইছেন। ইভিএম অনেক আগে আবিষ্কার হয়েছে। পৃথিবীর সব জায়গা থেকে হাঁকডাক উঠছে ইভিএমে সহজে কারচুপি সম্ভব। তারা ইভিএম পরিত্যাগ করছে। পার্শ্ববর্তী দেশেও ইভিএম পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে জনগণ। আর আমরা ইভিএম ব্যবহার করছি। সাধারণ মানুষের এ ব্যাপারে কোনও আগ্রহ নেই।
ইসি প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এটাকে তো ইসি বলা যায় না। এটা হলো সরকারের ইচ্ছা বাস্তবায়নের একটি প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাস কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



