পেঁয়াজ যেন সোনার চেয়ে দামি!
বিশেষ প্রতিনিধি : রাজধানীসহ সারাদেশে পেঁয়াজ যেন সোনার চেয়ে দামি হয়ে পড়ছে! আজ শুক্রবার রাজধানীতে ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। কারওয়ানবাজার, খিলগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বাজারে এ দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা শুক্রবার (১৫ নভেম্বর) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায় আর মিশর, মিয়ানমারের পেঁয়াজের দাম পড়ছে ১৯০ টাকা। দামের এ অসহনীয় অবস্থার জন্য সরবরাহ সংকটের চরম অবস্থাকে দায়ী করছেন আড়তদাররা।
শ্যামবাজারের বেশিরভাগ আড়তই ফাঁকা। এরমধ্যে গতরাতে নামানো অনেক পেঁয়াজ পচে গেছে। খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে এসে নাভিশ্বাস ক্রেতাদের। সরবরাহ না বাড়িয়ে বাজার মনিটরিং করলে দাম আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা।ঢাকার বাইরে অন্যান্য জেলায়ও একই দামে পেঁয়াজ কেনাবেচা হচ্ছে বলে জানা গেছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। জরিমানা করার খবরও পাওয়া গেছে। এরপরও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বরিশাল প্রতিনিধি জানান, জেলার খুচরা বাজারে ২০০ টাকা এবং পাইকারি বাজারে ১৮০ টাকা দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। বাজার মনিটরিংয়ে নেমেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পেঁয়াজের এমন দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে বরাবরের মতো খোঁড়া যুক্তি দিয়েছেন বিক্রেতারা। এদিকে বরিশালে আজই প্রথম তুরস্কের পেঁয়াজ এসেছে। এই পেঁয়াজ পাইকারি ১৬০ এবং খুচরা ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং চলছে।
পিরোজপুর প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার জেলা সদর পৌরবাজারের বিভিন্ন দোকানে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। দোকানিদের বক্তব্য যা আজ শুক্রবার ২২০ টাকায় পৌঁছাবে।কুমিল্লা সদর প্রতিনিধি জানান, উপজেলার সর্বত্র প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২১০ টাকা। যে পেঁয়াজ বৃহস্পতিবার সকালে বিক্রি হয়েছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকা, সেই পেঁয়াজই সন্ধ্যায় বিক্রি হয়েছে ২০০ টাকা থেকে ২১০ টাকায়।ঈশ্বরদী প্রতিনিধি জানান, গতকাল উপজেলার খুচরা বাজারে দেশি পেঁয়াজ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। আগের দিন পাইকারি আড়তগুলোতে দেশি পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও বৃহস্পতিবার দাম বেড়ে ১৮০ টাকা হয়েছে।
পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্ন হাটবাজারে সারাদিন ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও মোবাইল কোর্ট আসার পর এ চিত্র পালটে ১৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হয়।লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, উপজেলার খুচরা বাজারে প্রতি কেজি দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম মাত্র এক রাতের ব্যবধানে ৮০ টাকা বেড়েছে, সামনে আরো বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা দরে।



