দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব’র ইন্তেকাল
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাতে জাতিরকন্ঠ কে তাঁর মৃত্যু’র তথ্য নিশ্চিত করেন ব্র্যাকের ভারপ্রাপ্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা রাফে সাদমান আদেল। এর আগে নভেম্বরের শেষ দিকে ফজলে হাসান আবেদ অসুস্থ বোধ করার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপলো হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে আদেল জানান। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।দীর্ঘদিন ধরে স্যার ফজলে হাসান আবেদ অসুস্থ ছিলেন। গত ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
৮৩ বছর বয়সে চলতি বছর স্যার আবেদ ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। তাকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করার পর তা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখায় স্যার আবেদ বাংলাদেশ ও বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা জানিয়েছেন, ২২ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্যার ফজলে হাসান আবেদের মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।



