• রোববার , ২৬ জুলাই ২০২৬

ইডেনে টাইগাররা দেখলো সর্ষেফুল!


প্রকাশিত: ৫:১৯ পিএম, ২২ নভেম্বর ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫৪ বার

 

ইন্ডিয়া থেকে মীরা নায়ার : ইডেনে গোলাপি বলের টেস্টে’র ঘণ্টা বাজালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । ওদিকে টাইগাররা টসে জিতে খেলায় একের পর এক উইকেট হারিয়ে চোখে সর্ষেফুল দেখা শুরু করেছেন। আজ শুক্রবার দুপুরে কলকাতার ঐতিহ্যবাহী ভেন্যু ইডেন গার্ডেনসে শুরু হয়েছে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশ ও ভারত দুই দলই প্রথমবার খেলতে নেমেছে গোলাপি বলে। এই ম্যাচে দর্শক হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচের উদ্বোধনী ঘণ্টা বাজান তিনি, তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এই ম্যাচকে ঘিরে নানা আয়োজন বিসিসিআই ও সিএবির। বেলা ১২টা বাজতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী কলকাতার নন্দনকানন ইডেনে চলে আসেন। পুরো স্টেডিয়াম ততক্ষণে নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা। টস হওয়ার ঠিক আগেই মাঠে নামেন শেখ হাসিনা। মুমিনুলদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য বোর্ড পরিচালকরা। এছাড়া বিসিসিআইয়ের সভাপতিও সৌরভ গাঙ্গুলী ছিলেন। তাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ফটোসেশন পর্ব চলার সময় কলকাতা পুলিশ ব্যান্ড শো প্রদর্শন করেছে। এরপরই টস হয়।

টসের পর দুই দলের খেলোয়াড়রা গোলাপি পোশাক পরা শিশুদের নিয়ে মাঠে প্রবেশ করেন। শেখ হাসিনা ও মমতা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি তার দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় তাদের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি গাঙ্গুলী, বিসিবি প্রধান নাজমুল হাসান, শচীন টেন্ডুলকার, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ অন্যরা। মাঠে ছিলেন ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের সদস্যরা। তাদের বিশেষ সম্মাননা দিচ্ছে বিসিসিআই।পরিচয় পর্ব শেষে দুই দল জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলান। মাঠে অর্কেস্ট্রার সুরে বেজে ওঠে ‘আমার সোনার বাংলা’ ও ‘জনগণমন’।

যাহোক ভারতের বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ। গোলাপি বলে ‘চোখে সর্ষে ফুল’দেখে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৬ ব্যাটসম্যান ইমরুল কায়েস, অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাদমান ইসলাম ব্যক্তিগত ২৯ রান করলেও রানের খাতা খুলতে পারেননি মুমিনুল, মিঠুন ও মুশফিক।লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৩ রান। লিটন দাস ২৪ রান করে রিটায়ার হার্ট হয়েছেন। নাঈম হাসান ও আবু জায়েদ শূন্য রানে ব্যাট করছেন।

ইশান্ত শর্মার বলে খোঁচা দিয়েছিলেন মাহমুদউল্লাহ। ডান দিকে লাফিয়ে এক হাতে দুর্দান্ত এক ক্যাচ নেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। মাহমুদউল্লাহ ২১ বলে ৬ করে আউট হন।এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।ইন্দোরে প্রথম টেস্ট হেরে ১-০-তে পিছিয়ে আছে বাংলাদেশ। ইডেনে তাই সিরিজে সমতা ফেরানোর টার্গেটেই খেলবে মুমিনুল বাহিনী। ক্রিকেট দুনিয়ার অনেক দেশ খেলে ফেললেও বাংলাদেশ-ভারত, গোলাপি বলের স্বাদ আগে নেয়নি। তাই ক্রিকেটারদের মাঝেও অনেক রোমাঞ্চ রয়েছে।