সর্ষেফুলে-১০৬ অলআউট টাইগাররা
স্পোর্টস রিপোর্টার : গোলাপি বলে ‘চোখে সর্ষে ফুল’দেখা টাইগাররা সব্বাই মিলে শেষমেষ করেছেন মাত্র ১০৬ রান। টাইগাররা আজ যেন বিড়াল বনে গিয়েছিলেন। ফলে যা হবার তাই হয়েছে।সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৬ ব্যাটসম্যান ইমরুল কায়েস, অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাদমান ইসলাম ব্যক্তিগত ২৯ রান করলেও রানের খাতা খুলতে পারেননি মুমিনুল, মিঠুন ও মুশফিক।
লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৩ রান। লিটন দাস ২৪ রান করে রিটায়ার হার্ট হন। মাথায় চোট পেয়ে লিটন দাস মাঠ ছাড়লে ব্যাটিংয়ে নামার সুযোগ পান এই টেস্টের একাদশে না থাকা মেহেদী হাসান মিরাজ। গত অ্যাশেজ থেকে শুরু হয়েছে নতুন এই নিয়ম। ম্যাচে কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেয়ে খেলা চালিয়ে যেতে না পারলে সেই ক্রিকেটারের বদলি নামানো যাবে। যেটির নাম দেওয়া হয়েছে ‘কনকাশন সাব’।
ইশান্ত শর্মার বলে খোঁচা দিয়েছিলেন মাহমুদউল্লাহ। ডান দিকে লাফিয়ে এক হাতে দুর্দান্ত এক ক্যাচ নেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। মাহমুদউল্লাহ ২১ বলে ৬ করে আউট হন।ইশান্ত শর্মার চতুর্থ শিকার হয়ে ফিরেছেন ইবাদত হোসেন। বলের লাইন মিস করে বোল্ড হন ইবাদত। লেগ-মিডল স্টাম্পে থাকা ফুল লেংথ বল ফ্লিক করেছিলেন মিরাজ। বল রাখতে পারেননি নিচে। শর্ট মিড উইকেটে সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন চেতেশ্বর পুজারা। শেষ পর্যন্ত ৩০.৩ ওভারে ১০৬ রান করে অলআউট হয় বাংলাদেশ।



