• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘সব রাষ্ট্রীয় অনুষ্ঠানের শ্লোগান জয়বাংলা’


প্রকাশিত: ১২:৪৪ এএম, ১১ ডিসেম্বর ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৮২ বার

 

হাইকোর্ট রিপোর্টার : আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস থেকে জাতীয় শ্লোগান হিসেবে জয় বাংলা সর্বস্তরে ব্যবহারের মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জয় বাংলাকে জাতীয় শ্লোগান ঘোষণার দাবিতে করা এক রিটের চূড়ান্ত শুনানিকালে গতকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।এ বিষয়ে সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আগামী ১৬ ডিসেম্বর বা পরবর্তীতে যেকোনো জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষপর্যায় থেকে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তি তাদের ভাষণ ও বক্তব্যের শেষে জয় বাংলা শ্লোগান দিতে হবে। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১৪ জানয়ারি নির্ধারণ করেছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। আদালতে এ বিষয়ে মতামত দেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু ও এএম আমিন উদ্দিন। আবেদনের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী বশির আহমেদ।ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাশার আরও জানান, রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সাবশন ছিল সংবিধানের ৩ ও ৪ অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রের প্রতীক, জাতীয় সংগীত, জাতীয় পতাকা সব আছে, কিন্তু জাতীয় শ্লোগান নেই এবং সংবিধানের ৫০(২) অনুচ্ছেদ অনুসারে ৭ মার্চের ভাষণকে যেহেতু অন্তর্ভুক্ত করা হয়েছে, ওই ভাষণের শেষে জয় বাংলা শব্দ আছে। তাই জয় বাংলা এই সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপক্ষ লিখিতভাবে আবেদনকারীর আবেদনÑ জয় বাংলাকে জাতীয় শ্লোগান ঘোষণার দাবিকে সমর্থন করেছে।

পরে ইউসুফ হোসেন হুমায়ুন সাংবাদিকদের বলেন, জয় বাংলা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্র। যে শ্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। তাই জয় বাংলাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে জাতীয় শ্লোগান হিসেবে ব্যবহার করা হোক। অনেক দেশে এট আছে। আমাদের আইনজীবী মহলেরও এ দাবি নিয়ে কোনো বিরোধ নেই। সুতরাং জয় বাংলা শ্লোগানকে সংবিধানে সন্নিবেশিত করে জাতীয় শ্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বলেছি। সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধে দলমত নির্বেশেষে সবার হৃদয় উৎসারিত শব্দ ছিল জয় বাংলা।২০১৭ সালের ৪ ডিসেম্বর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে জয় বাংলাকে কেন জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। প্রায় দুই বছর পর গত ৫ ডিসেম্বর থেকে এ রুলের শুনানি শুরু হয়।