মৌসুমীর বিরুদ্ধে মিশার লড়াই
বিশেষ প্রতিনিধি / বিনোদন রিপোর্টার : নায়িকা মৌসুমীর বিরুদ্ধে খলনায়কের লড়াই চলছে এফডিসিতে। নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। এবার ভোট হচ্ছে নায়িকা’র বিরুদ্ধে খলনায়কের লড়াই।আজ শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এই নির্বাচনে এরইমধ্যে নিজের ভোট দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি এবার সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মিশা সওদাগরের বিপরীতে লড়ছেন।
ভোট দানের পর নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘নাইস ওয়েদার। সিকিউরিটি অনেক ভালো। কখনো এমন হয়নি এ পর্যন্ত। প্রশাসনিক দিক থেকে আমরা প্রচণ্ড হেল্প পাচ্ছি। অসাধারণ একটি পরিবেশ। বিশাল একটা আয়োজন। সব কিছু মিলে ভালো লাগছে।’শিল্পী সমিতির নির্বাচনে লড়ে শিল্পীদের জন্য কাজ করবেন, ভক্তদের এমন প্রত্যাশা সম্পর্কে এই চিত্রনায়িকা বলেন, ‘সেই জায়গাটা আমি বড় করে দেখেছি বলেই চিন্তা করেছি নির্বাচন আমি করবো। শুধু তাই নয়, আমাদের সদস্যরাও চেয়েছেন আমি করি। সেজন্য আমি ইলেকশন করছি। আমি সভাপতি পদপ্রার্থী। আশা করছি, সদস্যরা আমাকে সমর্থন করবেন। আমি সবার সঙ্গে কথা বলেছি প্রত্যেকেই আমাকে মন থেকে সমর্থন দিয়েছেন।’
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘আমি বিকেলে এসব বিষয়ে কথা বলবো। আপনারা যে ধরনের পরিস্থিতি দেখছেন, আমিও তাই দেখছি। এর বেশি কিছু আর বলতে চাই না।’জানা গেছে, সকাল ৯টা থেকে শিল্পী সমিতির ভোটাররা তাদের ভোট দেওয়া শুরু করেছেন। বেলা যত গড়াচ্ছে তারকা ভোটারদের উপস্থিতি তত বাড়ছে। সকাল থেকেই তারা তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এর আগে ভোট শুরু হওয়ার পর প্রথমেই ভোট দেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এফডিসির ভেতরে ও বাইরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।
এবারের নির্বাচনে পূর্ণ প্যানেল একটি। এটি দিয়েছেন সমিতির শেষ সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তারা দুজনে এবারও একই পদে লড়াই করছেন। অন্যদিকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্য পদে কয়েকজন স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এরমধ্যে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে আছেন মৌসুমী। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপরীতে আছেন ইলিয়াস কোবরা।
সহসভাপতির দুটি পদে আছেন ডিপজল, রুবেল ও নানা শাহ (স্বতন্ত্র)। সহসাধারণ সম্পাদক পদে আরমান ও সাংকোপাঞ্জা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খালেদ আহমেদ ও মামুনুন ইমন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন।এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ছাড়াই বিজয়ী হিসেবে এসেছে সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে ফরহাদের নাম।
১১টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য লড়বেন ১৪ জন অভিনয়শিল্পী। তারা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব, রঞ্জিতা ও শামীম খান (চিকন আলী)। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহিদুল হারুন ও বিএইচ নিশান। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন আলম খান, সদস্য হিসেবে রয়েছেন সোহানুর রহমান সোহান ও রশিদুল আমিন হলি।এবার চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার সংখ্যা ৪৪৯ জন।



