• রোববার , ২৬ জুলাই ২০২৬

বাবুলের জড়িত থাকার প্রসঙ্গ এখনো আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ৬:৪২ পিএম, ২৮ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

বিশেষ প্রতিবেদক ;  পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার পুলিশের নজরদারিতে নেই বলে 133316জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তিনি (এসপি) নজরদারিতে আছেন, আমরা কখনও বলিনি। বাবুল আক্তারকে দায়ী করা কিংবা বাবুল আক্তার জড়িত কি না, সে প্রসঙ্গ এখন আসেনি।’

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাবুলকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করেছে, বাবুলকে তাদের মুখোমুখি করা হয়েছিল। তিনি এদের চেনেন কি না বা হত্যার রহস্য কী, তা উদ্ঘাটনেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারা তাঁকে হত্যা করেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তা স্পষ্ট হয়েছে। যারা হত্যা করেছে, তাদের অনেককেই আমরা ধরে ফেলেছি। বাকিদের ধরার প্রক্রিয়া চলছে।’

সাংবাদিকদের মন্ত্রী বলেন, আপনারা ধৈর্য ধরেন। গোয়েন্দারা প্রতিবেদন দিক, তারপর আমরা সব বলতে পারব। আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আমরা।

গত শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে বাবুলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেখানে যে পুলিশ পাহারা ছিল, গতকাল সোমবার তা তুলে নেওয়া হয়েছে।

৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম।