• রোববার , ২৬ জুলাই ২০২৬

বদলে যাচ্ছে মহানগর আওয়ামী লীগ


প্রকাশিত: ১২:০২ এএম, ৩০ নভেম্বর ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

 

এস রহমান : অবশেষে বদলে যাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। পরিবর্তন আসছে ঢাকা মহানগরের দুই শীর্ষ পদে। আর মাত্র কয়েক ঘন্টা পর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।খোঁজ নিয়ে জানা গেছে, পরিবর্তন আসছে ঢাকা মহানগরের শীর্ষ দুই পদে। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, সবমিলিয়ে এবার থাকবে নবীন-প্রবীণের সমন্বয়। আর বর্তমান নেতারা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অভিযোগ পদপ্রত্যাশীদের।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় কার্যালয় ও দলীয় সভানেত্রীর কার্যালয়ে শোভা পাচ্ছে নানা পোস্টার-ব্যানার আর ফেস্টুন। জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতার কথা। দলীয় কার্যালয় আর কেন্দ্রীয় নেতাদের কাছে শেষ মুহূর্তের ধরণা দিচ্ছেন ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতারা।সম্মেলনকে সামনে রেখে প্রার্থীরা বলছেন, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদকের একচ্ছত্র ক্ষমতার কারণে দলের অন্য নেতারা কোনো ভূমিকা রাখতে পারেননি। তারা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ পদপ্রত্যাশী নেতা কর্মীদের।

ঢাকা মহানগরের আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াকিল উদ্দিন এবার উত্তর এর সাধারন সম্পাদক হতে চান। এ লক্ষ্যে তিনি মাঠে নেমেছেন অনেক নেতাকর্মীদের সাথে নিয়ে। তিনি জাতিরকন্ঠকে বলেন, অনেক কাজেই ব্যর্থতার পরিচয় দিয়েছে নেতারা। যেভাবে সফলতা হওয়ার কথা সেভাবে তারা পারেনি।অভিযোগ যাই হোক আগামীতে স্বচ্ছ, ত্যাগী ও সাবেক ছাত্রনেতাদের মূল্যায়নের দাবি জানান প্রার্থীরা। ঢাকা মহানগরের আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক হেদায়তুল ইসলাম স্বপন বলেন, আমার বিশ্বাস এবার যোগ্য এবং ক্রিয়েটিভ নেতা নির্বাচিত করা হবে।

এবারের সম্মেলনে নগরের দুই শীর্ষপদে পরিবর্তনের আভাস দিয়ে দলের শীর্ষ নেতারা জানালেন, এবারের কমিটি নবীন-প্রবীণের সমন্বয়ে হবে।বাহাউদ্দিন নাছিম বলেন, নতুনের আগমন ঘটে পুরাতনের পরিবর্তন হয়। ২০১২ সালের ২৭ ডিসেম্বর অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হলেও ২০১৬ সালের ১০ এপ্রিল দুই ঢাকার কমিটি ঘোষণা করা হয়।যাহোক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছেআর কয়েক ঘন্টা পর। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান জাতিরকন্ঠ কে বলেন, সম্মেলনের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। জমকালো আয়োজনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ঢাকা উত্তরের দুই হাজার কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ জাতিরকন্ঠ কে বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশজুড়ে সাজসাজ রব পড়েছে। ঢাকার বিভিন্ন এলাকা পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।