• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘পেট্রোবাংলার গাফিলতিতে গ্যাস বিস্ফোরণ ঘটছে’


প্রকাশিত: ১১:৪১ পিএম, ১৭ নভেম্বর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

 

স্টাফ রিপোর্টার : পেট্রোবাংলার গাফিলতিতেই গ্যাস লাইনে বার বার বিস্ফোরণ ঘটছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীও নসরুল হামিদ বিপু। রোববার (১৭ নভেম্বর) রাজধানীর আফতাব নগরে ১৩২ কিলো ভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি গ্রিড উপকেন্দ্রের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিতরণ সংস্থা ও পেট্রোবাংলার গাফিলতির কারণেই ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন থেকে বার বার হতাহতের ঘটনা ঘটছে।
এদিকে সকালে চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে একটি ভবনের একাংশ ধসে শিশুসহ ৭ জন মারা যান।

তাদের সবাই পথচারী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজন দগ্ধসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিয়ম মেনে ভবন তৈরি না করায় এমন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছে সিডিএ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে গ্যাস লাইনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বড়ুয়া ভবনের নিচতলার একটি অংশসহ আশ-পাশের আরো তিন-চারটি বাড়ির দেয়াল ধসে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ও দগ্ধ হয়ে ভবনের নিচতলার বাসিন্দা এবং পথচারীসহ ৭ জন ঘটনাস্থলেই মারা যান।

চলতি বছরে এ পর্যন্ত ৮৫টি ঘটনায় গ্যাস লাইন বা সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৭। এছাড়াও আহতের সংখ্যা প্রায় ১০০। পেছনের দিকে তাকালে, ২০১৮ সালে ৯৫৩ টি দুর্ঘটনায় প্রাণহানি ২০ জনের। আহত ৩ শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, আসছে শীত তাই বছরের এই সময়টায় মারাত্মক ঝুঁকিতে থাকবে বহু বছরের পুরানো জরাজীর্ণ গ্যাস লাইন দিয়ে চলতে থাকা রাজধানীসহ সারাদেশ।