পেঁয়াজ অস্থিরতাকারী বন্দুকযুদ্ধে মারা যাক: চুন্নু
সংসদ রিপোর্টার : দেশে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতার মধ্যে জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, মাদক কারবারি ও সন্ত্রাসীরা ধরা পড়ে। পরে বন্দুকযুদ্ধে মারা যায়। যারা পেঁয়াজের দাম অবৈধভাবে বাড়াচ্ছে, তাদের একজন মারা যাক না, এমনি বন্দুকযুদ্ধে।বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টির অবতারণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, দুইদিন আগে বাণিজ্যমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী বললেন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আছে। একথা বলার পরদিনই পেঁয়াজের কেজি দেড়শ টাকা হয়ে গেল। এখন দুইশ টাকা কেজি। নিউজে দেখলাম পেঁয়াজের দাম না পাওয়ায় ভারতের কৃষকরা কাদঁছে। প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের এত ভালো সর্ম্পক। প্রধানমন্ত্রী যদি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতেন, তাহলে হয়তো এ সমস্যাটা থাকত না।
তিনি আরও বলেন, বাজারে প্রচুর পেঁয়াজ আছে। তারপরেও দাম বাড়ছে। এখন একটি অভিযান চালানো দরকার। তাহলে এই সমস্যাটা আর থাকবে না। চুন্নু আরও বলেন, আমি মনে করি পেঁয়াজের দাম বৃদ্ধি সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এটা দেখা দরকার। জরুরি ভিত্তিতে এর বিরুদ্ধে অভিযান চালানো দরকার।



