তুরিন ফৌজদারি অপরাধী:মালুম
কোর্ট রিপোর্টার : তুরিন ফৌজদারি অপরাধী; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণের পর এবার ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে যাচ্ছে। তার বিরুদ্ধে মামলার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য প্রসিকিউটর জেয়াদ আল মালুম সোমবার (১১ নভেম্বর) জাতিরকন্ঠ কে এ তথ্য জানিয়েছেন।তবে অপসারণ হওয়া প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি।
জেয়াদ আল মালুম বলেন, পেশাগত অসদাচরণের দায়ে তুরিন আফরোজের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। এ ধরনের গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের কারণে ফৌজদারি অপরাধের দায়ে উপমহাদেশে বা আমার জানা মতে বিশ্বের ট্রাইব্যুনালগুলোর মধ্যে প্রথম কোনো প্রসিকিউটরকে অপসারণ করা হলো। তার কৃতকর্মের জন্য ফৌজদারি অপরাধে ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে তুরিনের কী ধরনের শাস্তি হতে পারে জানতে চাইলে মালুম বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আনা হবে। তার কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধিতার শামিল। কারণ, এটি রাষ্ট্রের অত্যন্ত স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান। এখন আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবে সেটি তাদের দায়িত্ব।
এ বিষয়ে তুরিন আফরোজ সংবাদমাধ্যমকে বলেন, ‘কারা, কীভাবে তদন্ত করে প্রমাণ পেল তা আমি জানি না। আমারও কিছু বক্তব্য আছে, সেটি কেউ শুনলো না। সেদিন কী ঘটেছিল, আরও কেউ জড়িত আছে কি না সেটিও জানতে চাইলো না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে। তারপরও আমি ট্রাইব্যুনালের মর্যাদা নষ্ট হোক সেটি চাই না। বিষয়গুলো সুযোগ পেলে প্রধানমন্ত্রীর কাছে বলব।’উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক আসামির সঙ্গে গোপন বৈঠকের প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে।



