• রোববার , ২৬ জুলাই ২০২৬

জঙ্গি অর্থায়ন করছে পশ্চিমা দেশ


প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৭ নভেম্বর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে জঙ্গিদের অর্থায়ন করা হচ্ছে পশ্চিমা একটি দেশ থেকে।রোববার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে জাতীয় কৌশলপত্র ২০১৯-২০২১’ নিয়ে আয়োজিত এক সেমিনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

শাহরিয়ার আলম বলেন, পশ্চিমা বিশ্বের একটি দেশে ধর্মীয় মূল্যবোধ ব্যবহার করে প্রবাসীদের থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই টাকা বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাসবাদ ও মৌলবাদ উসকে দেয়ার জন্য পাঠানো হয়। আমরা শতচেষ্টার পরও দেশটিকে বিষয়টি বোঝাতে ব্যর্থ হয়েছি। সম্প্রতি দেশটি নিজেই এ সমস্যায় পড়ে বিষয়টি উপলব্ধি করেছে। পশ্চিমা দেশটির এ উপলব্ধি আগে হলে আমরা অনেক ক্ষতি সামাল দিতে পারতাম।

প্রতিমন্ত্রী বলেন, এজন্য অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সব রাষ্ট্রের সহায়তা প্রয়োজন। আমি আশা করি বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো বুঝবে।তিনি আরো বলেন, এ ধরনের সমস্যা মোকাবিলায় সব দেশকে একসাথে কাজ করতে হবে।একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য হুমকি মুদ্রাপাচার, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।

অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন নিয়ে আমরাও সমস্যায় আছি। তবে সবকিছু নিয়ন্ত্রণে আছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এসব সমস্যা একা সমাধান করা যাবে না। সব রাষ্ট্রের সহায়তা লাগবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।