• রোববার , ২৬ জুলাই ২০২৬

ক্যাসিনো জুয়া’য় পাপন-বিচার কি?


প্রকাশিত: ৮:৪৭ পিএম, ৩ নভেম্বর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৭৭ বার

 

বিশেষ প্রতিনিধি : ক্যাসিনো জুয়া’য় পাপন-বিচার কি? এবার ক্যাসিনোতে জুয়া খেলেছেন পাপন। তবে তা দেশে নয় বিদেশে। এনিয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বললেন, তিনি বিদেশে খেলেছেন; ফলে বিষয়টিকে সেভাবে নেওয়া যায় না। এটা আমাদের বিষয় নয়।সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাপনের ক্যাসিনো খেলার যে ভিডিও প্রকাশ হয়েছে তা দেশের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রবিবার সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এসময় তিনি বলেন, পাপন হয়তো বিদেশে খেলেছেন।বিসিবির সভাপতিকে আইনের আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনো খেলেননি। তিনি বিদেশে খেলেছেন, ফলে বিষয়টিকে সেভাবে নেওয়া যায় না। এটা আমাদের বিষয় নয়।

আইনে কি আছে-
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, জুয়ার বিষয়ে যে আইন কার্যকর আছে, সেটি হলো ‘প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭’, সেখানে অবশ্য ক্যাসিনো বিষয়ে কিছু বলা নেই। তবে ঐ আইনে ‘কেউ তার ঘর, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ বা প্রাচীরবেষ্টিত স্থানের মালিক বা রক্ষণাবেক্ষণকারী বা ব্যবহারকারী হিসেবে যেকোনো ব্যক্তি জ্ঞাতসারে বা স্বেচ্ছায় অন্য লোককে, উক্ত স্থানকে সাধারণ জুয়ার স্থান হিসেবে ব্যবহৃত করিতে দিলে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এমনকি তাস, পাশা, কাউন্টার অর্থ বা অন্য যেকোনো সরঞ্জামসহ যেকোনো ব্যক্তিকে ক্রীড়ারত বা উপস্থিত দেখিতে পাওয়া গেলেও শাস্তি দেওয়ার সুযোগ আছে এই আইনে। জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ঢাকায় বছরের পর বছর ধরে প্রকাশ্য দিবালোকে সবার নাকের ডগাতেই এসব চলছে, কিন্তু অন্য অনেক বিষয়ের মতো এখানেও আইনের প্রয়োগ ছিল না।

দেশে ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানের মধ্যে সম্প্রতি ফেইসবুকে ক্যাসিনোর টেবিলের একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে নাজমুল হাসান পাপনকে জুয়ার গুটি নাড়াচাড়া করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- সে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনোর প্রভাবটা কী? একটা অবৈধ ব্যবসা। আমাদের বাংলাদেশের সংবিধানে জুয়া খেলার স্বীকৃতি নেই। আর বঙ্গীয় আইন ১৮৬৭ সালের, সেই আইনটি এখনও বলবৎ রয়েছে। সেই আইনের সর্বোচ্চ সাজা আপনারা সবাই জানেন। জুয়া যেহেতু আমাদের সংবিধানে নিষিদ্ধ, এজন্য আমরা এর বিরুদ্ধে কাজ করছি।

তিনি বলেন, “যারা এই আইন মানছেন না তাদের বিরুদ্ধে কাজ করছি। যারা অবৈধ ক্যাসিনো ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে খেলল কে কী করল, এই রকম করলে তো আমাদের লাখ লাখ লোকের পেছনে দৌঁড়াতে হবে। একজন দুজন তো খেলে না, এই রকম যদি সবাইকে ধরতে যাই, কয়েক লাখ লোক হবে।গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনার বিষয়টি ধরা পড়ে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ যুবলীগ-কৃষক লীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের অনেক নেতার ব্যাংক হিসাব তলব ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।