‘মন্ডলের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে’
বিশেষ প্রতিনিধি : অবশেষে ‘সেই মন্ডলের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সচিবের গাড়ির অপেক্ষায় ফেরি তিন ঘণ্টা দেরিতে ছাড়ার কারণে এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার দোষ তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে গতকাল মাদারীপুরের কাঁঠালবাড়ী ১নং ফেরি ঘাটে যুগ্ম সচিব আবদুস সবুর মন্ডলের গাড়ির অপেক্ষায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ফেরি। এতে ফেরিঘাটে থাকা অ্যাম্বুলেন্সে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তিতাস ঘোষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে।
তিতাসের স্বজনরা জানায়, দীর্ঘ সময় অপেক্ষার পর রাত পৌনে ১১টার দিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের নোহা মাইক্রোবাসটি আসার পর ফেরি ছাড়ে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছলে মস্তিস্কে প্রচুর রক্তক্ষরণে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তিতাসের। পরে শিমুলিয়া ঘাট থেকে আবারও ফেরিতে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছান তারা। এর পর তিতাসের লাশ নিয়ে নড়াইলে ফিরে যায় তার পরিবার।স্বজনদের আরও অভিযোগ, ঘাটের বিআইডব্লিউটিসি কর্মকর্তা, পুলিশ সবার কাছে অনুরোধ করার পরও ওই কর্মকর্তা না আসা পর্যন্ত কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ছাড়েনি।



