‘বইমেলা’কে বেশি আপন মনে হয়’
বিশেষ প্রতিনিধি : অমর একুশে গ্রন্থমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকথা নিয়ে লেখা ‘আমার দেখা নয়া চীন’ নামক তৃতীয় বইয়ের মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, একুশের বই মেলাকে বইমেলা আর গ্রন্থমেলা যাই বলেন আমার কিন্তু বইমেলা বলতেই একটু আপন আপন বেশি মনে হয়। বই মেলা আমাদের প্রাণের মেলা তাই বই মেলায় আসতে ভালো লাগে।’আজ রোববার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘সত্যি কথা বলতে এখন দুঃখ লাগে। এখন আর সেই স্বাধীনতা পাই না। আগে ছাত্র জীবনে এখানে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা কাটাতাম। ঘুরে বেড়াতাম বই মেলায়। পুরো সময়টা পারলে থাকতাম। সেটা আর এখন হয়ে উঠে না। এই একটা দুঃখ এখনও থেকে যাচ্ছে। সেই স্বাধীনতা আর পাচ্ছি না। তারপরও বলব বই মেলায় আসতে ভালো লাগে।’
বইটিতে জাতির পিতার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘১৯৫২ সালে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে চীনের একটি শান্তি সম্মেলনে প্রথম বাংলা ভাষায় বক্তব্য দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনোজ বসু তার বইতে লিখেছিলেন, একজন যুবক প্রথম বাংলা ভাষা বক্তব্য দিলো। বাংলাভাষাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া, এটা ১৯৫২ সালেই প্রথম বঙ্গবন্ধু করেছিলেন।’
বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শুধু চীনে গিয়ে ঘুরে আসেননি। তিনি সেই সঙ্গে নয়া চীনের মানুষের আর্থ সামাজিক অবস্থা, তাদের ভিতরে কী পরিবর্তন আসলো বা সরকার কী কী করেছে, সেখানকার কৃষক শ্রমিক ও ছোট ছোট শিশু কী কী করে সব দেখেছেন। একজন সাধারণ মানুষ কী কী করেন তাও তিনি তুলে ধরেছেন। তিনি শুধু একজন পর্যটক ছিলেন না একজন সমালোচকও ছিলেন।
বইটি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ব্যক্ত করে তিনি বলেন, ‘সবচেয়ে নজর কেড়েছে, একজন রাজনৈতিক নেতা। দেশে এতো অত্যাচার ভোগ করে চীনে গেলেন, সেখানে তিনি দেশের এসব অত্যাচারের কথা কাউকে বলেননি। বরং তিনি বলেছেন, আমাদের দেশে যা হচ্ছে সেটাতো হচ্ছেই। আমরা তো বিদেশে এসে বদনাম করতে পারি না। কিন্তু আমরা এখন দেখি অনেকেই বিদেশে গিয়ে দেশের বদনাম করতে গেলে আরও একটু উৎসাহ নিয়ে বলেন। যা না ঘটে তা একটু বেশি করে বলেন। এই প্রবণতাটা আমরা দেখি। আমি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আমার দেখা নয়া চীন বইটি নিয়ে কাজ করেছি। বইটি পড়ার পর আমি কয়েকবার চীনে গিয়েছি। আমি দেখি, এই বইয়ে তিনি চীন সম্পর্কে যে ভবিষ্যৎ বাণী করেছেন, আজকের চীন ঠিক সেই জায়গায় উন্নতি করেছে।’
‘আমরা যা কিছু অর্জন করেছি, তা কিন্তু আমাদের রক্ত দিয়েই অর্জন করতে হয়েছে। এটা হলো বাস্তবতা। আমাদের ভাষা কেড়ে নেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। এক সময় রবীন্দ্রনাথ কে নিষিদ্ধ করা হয়েছে। কবিতা নিষিদ্ধ হয়েছে। কিন্তু বাংলা ভাষা আজকে বিশ্ব স্বীকৃতি পেয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।
২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল ১৯৫৬ সালে যখন প্রথম আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। শহীদ মিনার করার প্রকল্পও বরাদ্দ দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতিও দেওয়া হয়েছে আমাদের সময়ে। ভাষা আন্দোলন থেকে মূলত স্বাধীনতা আন্দোলন শুরু। আর এই স্বাধীনতা আমাদের বড় অর্জন।



