• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে সরকার’


প্রকাশিত: ৮:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৮১ বার

 

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরেছেন, সরকার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপহার দেবে। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে উপহার দিতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সরকার নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায়। ফলাফল যা–ই হোক, সেটা মেনে নিতে প্রস্তুত আছে আওয়ামী লীগ।

মন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নতুন বছরের চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন বছরের শুরুতেই দুই সিটি করপোরেশন নির্বাচন। নতুন বছরে আমাদের এটাই চ্যালেঞ্জ। এই নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আমাদের পার্টি অলআউট মাঠে নামবে।’

‘ফ্রি-ফেয়ার এবং অ্যাকসেপ্টেবল অ্যান্ড ক্রেডিবল’ নির্বাচন করতে তাঁরা বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা একটা ভালো নির্বাচন করতে চাই।’জয়ের লক্ষ্যে কাজ করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নমিনেশন প্রত্যাহারের শেষ দিন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। আমাদের পার্টি অলআউট নামবে বিজয়ের লক্ষ্যে।’

বিগত এক বছরের সরকার ও দলের কাজ মূল্যায়ন করে সেতুমন্ত্রী বলেন, ‘বিদায়ী বছরটা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। নমিনেশন পর্ব মাত্র শেষ হয়েছে, যাচাইও শেষ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আমার অসুস্থতাজনিত অনুপস্থিতি বাদ দিলে পার্টির ও সরকারের পারফরমেন্স ভালো। এই বছরে দলে টিম ওয়ার্ক ভালো হয়েছে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির সংশয়ের কারণ নেই। ইভিএম পদ্ধতি নিয়ে বিএনপি নেতারা একেক কথা বলছেন। এই পদ্ধতিতে ভারতসহ বিভিন্ন দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে।অপর প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো দেশে বিরোধী দল সরকারের প্রশংসা করে না। আমরা মনে করি, বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র সুসংগঠিত হয়। বিএনপি নির্বাচনের আগেই হেরে যায়, এটি তাদের পুরোনো অভ্যাস। ভোট গণনার আগপর্যন্ত নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাতে থাকে।’