• রোববার , ২৬ জুলাই ২০২৬

নাসিরকে হটাতে ঘুম ভাঙ্গল ইউজিসি’র..


প্রকাশিত: ৫:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭৯ বার

বিশেষ প্রতিনিধি : দুর্নীতিবাজ ভিসি নাসির’কে হটাতে অবশেষে ঘুম ভাঙ্গল ইউজিসি’র। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে ‘প্রত্যাহার’ – এর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।অনিয়ম-দুর্নীতি ও নৈতিক স্খলনের দায়ে কমিশনের তদন্ত কমিটি এই সুপারিশ করে। ইউজিসির ৫ সদস্যের কমিটির প্রতিবেদন রোববার দুপুরে সংস্থার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে তিনটি সুপারিশ আছে। এরমধ্যে আছে অনিয়ম-দুর্নীতির ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ।

এর আগে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের অপসারণ দাবিতে শুক্রবার নবম দিনের মতো উত্তাল ছিল ক্যাম্পাস। এদিন শিক্ষার্থীরা ভিসির কুশপুত্তলিকা দাহ করে।ওইদিন সকাল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। ভিসিবিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। এদিকে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত এক দফা আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। তারা বলেন, ভিসির অপসারণ ছাড়া তাদের আর পিছু হটার কোনো সুযোগ নেই। কারণ ভিসির অপসারণ না হলে তাদের শিক্ষাজীবনে অন্ধকার নেমে আসবে। এ বিশ্ববিদ্যালয়ে তারা আর পড়ালেখা করতে পারবে না। তাদের অনেকের শিক্ষাজীবন ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছেন ভিসি। শিক্ষা ও গবেষণার পরিবেশ ধ্বংস করছেন। সীমাহীন দুর্নীতি ও অনিয়ম করে চলেছেন। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপই এ সমস্যার সমাধান দিতে পারে। সে কারণে প্রধানমন্ত্রী দেশে না ফেরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এ আন্দোলন ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এছাড়া ইউজিসির ৫ সদস্যের তদন্ত দল তদন্ত শেষ করে বৃহস্পতিবার বিকালে ঢাকায় ফিরেছে। তারা ইউজিসি চেয়ারম্যানের কাছে রিপোর্ট পেশ করে। এরপর ভিসি অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে ‘প্রত্যাহার’ – এর সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।