• রোববার , ২৬ জুলাই ২০২৬

ট্রাম্পের কাছে-একি কহিলেন প্রিয়া সাহা-


প্রকাশিত: ১:২৪ পিএম, ২০ জুলাই ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

 

স্টাফ রিপোর্টার : প্রিয়া সাহার কথায় নাখোশ সরকার প্রসাশন; তারা বলেছেন এ নিয়ে তদন্ত হবে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংখ্যালঘুদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করা অভিযোগ প্রমাণ করতে না পারলে বাংলাদেশি নারী প্রিয়া সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার তিনি তার ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।

গত ১৬ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’

প্রিয়া সাহা আরো বলেন, ‘এখন সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।’তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি(প্রিয়া সাহা) যা বলেছেন সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যা বলেছেন এ বিষয়ে তথ্য প্রমাণ যদি না পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ওই অভিযোগের নিন্দা জানিয়ে বলেছেন, ‘তিনি (প্রিয়া সাহা) কেন এটা করলেন তা খতিয়ে দেখা হবে। তার অভিযোগগুলোও সরকার শুনবে এবং খতিয়ে দেখবে।’অন্যদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গতকাল শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে গত আট মাসে বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতায় তিনি বলেন, বাংলাদেশ উল্লেখযোগ্য কাজ করছে। এ সময় তিনি আন্তঃধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের জন্য উদাহরণ বলে মন্তব্য করেন।

ট্রাম্পের কাছে প্রিয়া সাহা কহিলেন-

হোয়াইট হাউস প্রকাশিত ট্রান্সক্রিপ্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রিয়া সাহার নিম্নোক্ত কথোপকথন স্থান পেয়েছে।

মিজ সাহা : স্যার, ধন্যবাদ। স্যার, আমি এসেছি বাংলাদেশ থেকে। আর এখানে ৩৭ মিলিয়ন (তিন কোটি ৭০ লাখ) লোক; হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান (অস্পষ্ট)। দয়া করে আমাদের, বাংলাদেশের জনগণকে সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।

প্রেসিডেন্ট : বাংলাদেশ?

মিজ সাহা : জি। এখনো সেখানে ১৮ মিলিয়ন (এক কোটি ৮০ লাখ) সংখ্যালঘু লোক আছে। আমার অনুরোধ হলো, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু সাহায্য, মিস্টার প্রেসিডেন্ট।

আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা আমাদের জমি নিয়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি।

প্রেসিডেন্ট : জমি কে নিয়েছে? বাড়ি ও জমি কে নিয়েছে?

মিজ সাহা : মুসলমান মৌলবাদী গোষ্ঠী। আর তারা সব সময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে।

ট্রাম্পের সঙ্গে সেদিন প্রিয়া সাহার কথোপকথনের যে ভিডিও প্রকাশিত হয়েছে তাতে অবশ্য প্রিয়া সাহাকে ৩৭ মিলিয়ন লোক; হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ‘ডিসঅ্যাপিয়ার্ড’ হওয়ার কথা বলতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিবছর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে যে প্রতিবেদন প্রকাশ করে, তার বাংলাদেশ অংশে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, নির্যাতন-নিপীড়ন, হয়রানির তথ্য স্থান পায়।