• রোববার , ২৬ জুলাই ২০২৬

টুপাইসে পদবিক্রি নিউইয়র্কে আ’লীগার পাকরাও


প্রকাশিত: ৩:৫৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১০ বার


নিউইয়র্ক থেকে এম এনামুর রেজা : টুপাইস নিয়ে পদ বিক্রি করার দায় এবং এনিয়ে মারধরের ঘটনায় নিউইয়র্ক পুলিশের কব্জায় এখন আওয়ামী লীগের ২ নেতা। এরা হচ্ছেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও তার ভাই আবু সাঈদ চৌধুরী ওরফে কুটি চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে আটক হন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের এই নেতারা।

নিজ দলের এক নেতাকে মারধরের অভিযোগে স্থানীয় সময় রোববার রাত আড়াইটায় নিউইয়র্ক পুলিশ তাদের আটক করে। আটকের সময় রাত আড়াইটায় এমদাদ চৌধুরীসহ আওয়ামী লীগের অনেকেই জ্যাকসন হাইটসের রাস্তায় অবস্থান করছিলেন।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নানা কর্মকাণ্ড ও অনুষ্ঠান বিষয়ে দলীয় কর্মীদের সঙ্গে পরামর্শ করছিলেন তিনি। এসময় তিনি আটক হন।

নিউইয়র্ক পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি হোসেনকে (৪৪) মারধর করেন ইমদাদ চৌধুরী ও তার সহযোগীরা। এ ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহন হন ওয়ালি হোসেন। সেই ঘটনার জেরে আজ ইমদাদ চৌধুরী ও তার ভাই আবু সাঈদ চৌধুরীকে আটক করে পুলিশ। একই ঘটনায় আরও তিনজনকে খুঁজছে পুলিশ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি হোসেনকে কেন মারধর করেছেন ইমদাদ সেই প্রশ্নে জানা গেছে, আওয়ামী লীগে পদ-পদবী দেবেন লোভ দেখিয়ে একশ্রেণির নেতারা নগদ অর্থ পকেটে পুড়ছেন এমন অভিযোগ এনে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ওয়ালী হোসেন।

ওই স্ট্যাটাস দেয়ায় ক্ষুব্ধ হয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে ইমদাদ চৌধুরী তার ওপর হামলা চালায় বলে দাবি করেছেন ওয়ালি হোসেন। ইমদাদের আটকের বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক হাজি এনাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে ব্যস্ত আমরা। এখন এসবে মন দেয়ার সুযোগ নেই। তবে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’