• রোববার , ২৬ জুলাই ২০২৬

আসমা’র খুনীদের ধরুন নইলে জ্বলবে উত্তরবঙ্গ


প্রকাশিত: ৫:২৪ পিএম, ২৩ আগস্ট ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৯ বার

 

স্টাফ রিপোর্টার ; আসমা’র খুনীদের ধরুন নইলে জ্বলবে উত্তরবঙ্গ বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ভুক্তভোগীরা।মাদ্রাসাছাত্রী আসমা খাতুন হত্যার বিচারের দাবিতে রাজধানীতে এক মানববন্ধনে পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকাস্থ পঞ্চগড়বাসী এ আহবান জানায়। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।গত ১৯ আগস্ট রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগির টয়লেট থেকে মাদ্রাসাছাত্রী আসমা খাতুনের গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

আসমা পঞ্চগড় জেলা সদরের সিংপাড়া গ্রামের দিনমজুর আবদুর রাজ্জাকের মেয়ে।মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের খবরে আমরা জেনেছি, পঞ্চগড় থেকে আসমা তার প্রেমিক মারুফ হাসান বাঁধনের সঙ্গে ঢাকায় এসেছিল। আসার পথেই ট্রেনের মধ্যেই পালাক্রমে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।তারা বলেন, এমন একটি লোমহর্ষক খুনের ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন প্রেমিক বা হত্যাকারী, ধর্ষকদের কাউকেই গ্রেফতার করা হয়নি। আমরা আমাদের বোন আসমা হত্যা এবং ধর্ষণের বিচার চাইতে এসেছি। দোষীদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে আর কোনো বোন ধর্ষিত না হয়।

মানববন্ধনে ঢাকার পঞ্চগড়বাসীর সভাপতি সাজ্জাদ হোসেন সরকার বলেন, ‘এর আগে দিনাজপুরের মেয়ে ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে গোটা উত্তরবঙ্গ ফুঁসে উঠেছিল। আসমা হত্যা ও ধর্ষণের বিচার না হলে আবারও ফুঁসে উঠবে উত্তরবঙ্গ। কাজেই আমি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করব- অবিলম্বে আসমা হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।’

সংগঠনটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মনা বাবু বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় দিন দিন ধর্ষণের মাত্রা বেড়েই চলছে। যাদের গ্রেফতার করা হচ্ছে তারাও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। ফলে সরকারের উচিত হবে বিশেষ আইন করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণকারীদের বিচার করা। আমাদের বোন আসমার ধর্ষণকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন সরকার। সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম (মনাবাবু) ও মিনহাজ প্রধান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তসলিমা প্রধান, ডা. আহসান ফিরোজ, আবদুস সালাম, ড. রনিক শামসুজ্জামান, সফিউল আলম, মেহেদী হাসান বাবলা, খালেদ শামস প্রধান রুম্মান, নয়ন তানভীরুল বারি, মুক্তাপ্রধান, ব্যারিস্টার হিমু, অন্তু, যুক্তি, বিমল, সুমন, জুলফিকার, তুষার, সাইদুর, ফেরদৌসসহ আরও অনেকে।