• রোববার , ২৬ জুলাই ২০২৬

আশরাফ রাজনীতিকদের অনুকরণীয় আদর্শ


প্রকাশিত: ৪:৩১ পিএম, ৩ জানুয়ারী ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

 

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর ত্যাগ-তিতিক্ষা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর বনানীতে তাঁর কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সকালে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠন সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের এই সুযোগ্য পুত্র আমাদের পার্টির পর পর দুবার সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য সৈয়দ আশরাফুল ইসলাম অনুকরণীয় দৃষ্টান্ত।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ’৭৫ পরবর্তী সময়ে সৈয়দ আশরাফ অনেক ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্ট ম্যান ছিলেন সৈয়দ আশরাফ।

ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দ আশরাফের জীবন থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়ার আছে। সৈয়দ আশরাফুল ইসলামের নম্রতা, সততা ও বিনয় ভবিষ্যৎ রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।’সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন তাঁর বোন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর। তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান।