• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘আগামী শিক্ষা প্রতিষ্ঠান হবে মানবিক’


প্রকাশিত: ৪:২৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬০ বার

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষা ব্যবস্থার গিয়ার পরিবর্তন করা হবে, আগামী শিক্ষা প্রতিষ্ঠান হবে মানবিক। দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে ভাবছে সরকার। শিক্ষা ব্যবস্থাকে কেরানী তৈরির উৎস কিংবা কেরানী নির্ভর প্রতিষ্ঠান না বানিয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান করা হবে। একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে বেশি শিক্ষার্থী রাখা যাবে না। প্রয়োজনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হবে। এর জন্য প্রতি জেলাতেই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। দেশের পিছিয়ে পড়া অঞ্চলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। দেশে এখন একশোর ওপরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে। অথচ এক সময় এসব চিন্তার বাইরে ছিল। সুনামগঞ্জের হাওর এলাকাতেও মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। তাই দেশের মানুষকে উন্নয়নের পক্ষে থাকতে হবে।

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেল মাহমুদ, উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, ব্যবসায়ী মো.জিয়াউল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপনের আহ্বায়ক ইফতেখার আলম প্রমুখ।