• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘আইনের শাসন নেই বলে ধর্ষণ মহামারি’


প্রকাশিত: ৬:২২ পিএম, ১১ জানুয়ারী ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

বিশেষ প্রতিনিধি : জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন বলেছেন, দেশে আইনের শাসন নেই বলে মহামারি আকার ধারণ করেছে ধর্ষণ। দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম দায়িত্ব পালন করছে না সরকার। শনিবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন ড. কামাল হোসেন। তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এমন গণতন্ত্রহীনতা মেনে নেয়া যায় না।

ড. কামাল হোসেন বলেছেন, আমরা অনেক কষ্ট করে, যুদ্ধ করে, কত মূল্য দিয়ে দেশ স্বাধীন করলাম। কিন্তু আজ কী পেলাম? দেশে আজ ধর্ষণ, নির্যাতন, হত্যা এবং জনগণের জানমালের নিরাপত্তা নেই। এই দেশের মালিক দেশের জনগণ। দেশের মালিক কখনও চায় না দেশে নির্যাতন, হত্যা, ধর্ষণ হোক। প্রকৃত অর্থে আইনের শাসন এবং গণতন্ত্র থাকলে এসব হতো না। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। দেশে আইনের শাসন এবং প্রকৃত অর্থে গণতন্ত্র নাই।

তিনি আরও বলেন, পত্রিকা খুললেই দেখা যায় ঢাকা শহরসহ বিভিন্ন জেলায় ধর্ষণ-নির্যাতনের ঘটনা ঘটছে। স্বাধীনতার প্রায় ৫০ বছর হতে যাচ্ছে, আমরা উদযাপন করবো। কিন্তু দেশে আজ কেন এধরনের ঘটনা ঘটবে? দেশের জনগণ দেশপ্রেমের পরিচয় দিচ্ছে, কিন্তু সরকার তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা চাই দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। দেশে যেন আইনের শাসন কার্যকর এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। না হলে জনসমাজকে সুযোগ করে দিন, তারা সমাজকে সন্ত্রাসমুক্ত করুক।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আটক ব্যক্তি নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জজ মিয়া নাটকের মতো কোনো ঘটনা মানা হবে না।সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগামী ৩০ তারিখের সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। সবকিছুর জবাব আমরা আগামী ৩০ তারিখ দেবো। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।