• রোববার , ২৬ জুলাই ২০২৬

৩মামলা-জিকেগ্যাং লিডার শামীম লালঘরে


প্রকাশিত: ৫:১৩ পিএম, ২১ সেপ্টেম্বর ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

স্টাফ রিপোর্টার : ৩ মামলা দিয়ে জিকেগ্যাং লিডার শামীম গংদের লালঘরে দিয়েছে র‌্যাব। টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক যুবলীগ নেতা জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‌্যাব। শনিবার ২১ সেপ্টেম্বর দুপুর ২টা ৫৫ মিনিটে তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার এসআই মো. সাদেক জাতিরকন্ঠ কে বলেন, জিকে শামীম ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানিলন্ডারিংয়ে তিনটি মামলা করেছে র‌্যাব।

শনিবার দুপুরের পর জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় নিয়ে যান র‌্যাব সদস্যরা। সেখানে তাদের রাখা হয়েছে থানা হাজতে।গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, র‌্যাব তিনটি অভিযোগ দিয়েছে। এর একটি মাদক আইনে, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং আরেকটি অস্ত্র আইনে। এসব মামলার আসামি হিসেবে জি কে শামীমসহ আটজনকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ জিকে শামীমকে আটক করে র‌্যাব।এর আগে একই দিন ভোর ৬টায় সিটি কর্পোরেশনের লোক বলে জিকে শামীমের ব্যবসায়িক কার্যালয়ে সাদা পোশাকে প্রবেশ করেন র‌্যাব সদস্যরা।এসময় শামীমের ৭ দেহরক্ষীকে আটক করে র‌্যাব।শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিকেতনের নিজ কার্যালয়ে অবৈধ অস্ত্রসহ আটক হন জিকে শামীম। এ সময় র‌্যাবের অভিযানে তার কার্যালয় থেকে বিপুল পরিমাণে টাকা ও এফডিআর উদ্ধার করা হয়।

র‌্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলম জানান, অভিযানে শামীমের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্রসহ নগদ ১ কোটি ৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৬৫ কোটি ৮০ লাখ টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রেট) জব্দ করা হয়েছে। এর মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি টাকা ও ২৫ কোটি টাকা তার নামে। এ ছাড়াও ৭টি শটগান, বিদেশি মুদ্রা ও মাদক উদ্ধার করা হয়েছে।র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জি কে শামীমকে টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে। এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, যদি তিনি নির্দোষ হন, তাহলে কোর্টে এগুলোর ব্যাখ্যা দেবেন। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি, কোর্টে তার বক্তব্য সঠিক হলে তিনি ছাড়া পাবেন।