‘সেই মাদক সন্ত্রাসী দাতা হাতেম তাঁই’
মুন্সিগঞ্জ প্রতিনিধি : শীর্ষ মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির ওরফে হাসান এখন দাতা হাতেম তাই।যেমন দানবীর তেমনি ক্ষমতাশালী। বাংলাদেশে তো তার কার্যক্রম আছেই, ব্যবসা পরিচালনা করেন কাতারেও। মাদকের টাকায় নিজ গ্রামের গরীব-দুঃখী মানুষের মেয়েদের বিয়ে দেন এবং অনুদান দেন মসজিদ-মাদ্রাসায়।গত মঙ্গলবার নগদ অর্থ ও মাদকসহ পুলিশের কাছে ধরা পড়েন সেই মাদক ব্যবসায়ী। আজ শুক্রবার তার মুক্তির জন্য জুমার নামাজের পর দোয়া করিয়েছেন গ্রামবাসী।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামের বাইতুন নুর জামে মসজিদ ও মহেশপুর পূর্বপাড়া জামে মসজিদসহ মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন মসজিদে বিশেষ এই দোয়ার আয়োজন করা হয়। এতে শত শত মুসল্লিরা অংশ নেন।মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরের মুক্তি চেয়ে কেন দোয়া করা হলো, এ বিষয়ে জানতে চাইলে মুসল্লিরা জানান, ইউসুফ ফকিরকে মিথ্যা মামলায় র্যাব আটক করেছে। তাই গ্রামবাসী মিলে তার জন্য দোয়া করেছেন।
এ বিষয়ে মসজিদের ইমামরা জানান, ইউসুফ ফকির গ্রামের একজন মান্য ব্যক্তি। তিনি গরীব-দুঃখীকে বিভিন্ন সময় উপরকার করেন। এ ছাড়া এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করে থাকেন। অথচ তাকে মাদকের মিথ্যা মামলায় র্যাব ধরে নিয়ে গেছে। তাই গ্রামবাসীরা তার জন্য বিশেষ দোয়ার আয়োজন করে। জুমার নামাজের পর তারা দোয়া অনুষ্ঠান করেন।
এদিকে বিষয়টি নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গ্রামের অন্যরা জানতে চান, কীভাবে একটি মসজিদে মাদক ব্যবসায়ীর মুক্তির জন্য দোয়া করা হয়।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘আমি এখনো এ ব্যাপারে কিছু জানি না। খোঁজ নিচ্ছি। কিছু পেলে জানাব।’উল্লেখ্য, গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় ৪০৫ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৮ হাজার ২০০ টাকাসহ ইউসুফ ফকির ওরফে হাসানকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় গ্রামবাসীর বাধার মুখে পড়ে বাহিনীর সদস্যরা। ইউসুফের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ মোট চারটি মামলা রয়েছে।



