‘সরকার খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না’
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তার মুক্তি চাচ্ছি, কারণ এটা মিথ্যা ও সাজানো মামলা। এই ধরনের মামলায় তাদের নেতা ও অনুসারীরা জামিনে রয়েছেন। কিন্তু আমাদের নেত্রীকে জামিন দিচ্ছে না। সম্পূর্ণ বেআইনি, অবৈধ। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়াসহ সব নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আমরা বলতে চাই, আইনগতভাবে খালেদা জিয়ার যে পাওনা, সেই জামিন চাই। তার মুক্তি আজকে গণদাবি, সবাই তার মুক্তি চায়।তিনি আরো বলেন, সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে একটা গণজোয়ারের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত ও অপসারণ করতে হবে। বর্তমান সরকার ভয়াবহ অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তাদের সরাতে হলে জনগণের ঐক্যের কোনও বিকল্প নেই। সেই ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে।তিনি বলেন, ঈশ্বরদীতে ১৯৯৪ সালে আওয়ামী লীগ নিজেদের গোলাগুলির ঘটনায় নতুন চার্জশিট দিয়ে রায় দেয়া হয়েছে। এটি প্রমাণ করে দেশে আইনের শাসন বলে কিছু নেই।
এই উত্তাপ গণআন্দোলনে রুপ নেবে-
এ সময় গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের ডাকা হরতালে বিএনপি সমর্থন রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। প্রেসক্লাবে আরেক আলোচনাসভায় বিএনপি নেতা সেলিমা রহমান দাবি করেন যেকোন কর্মসূচির জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জনগণের সম্পৃক্ততা ক্রমশই বাড়ছে। জনগণের উত্তাপ ক্রমশই বাড়ছে। আমরা জানি এই উত্তাপ গণআন্দোলনে রুপ নেবে। জনগণের সম্পৃক্তা নিয়েই আমরা যেন দেশনেত্রীকে মুক্ত করতে পারি।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, শামসুল হক, হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।



