রোহিঙ্গা গণহত্যা তদন্তকারীদল বাংলাদেশে
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ আদালতের তথ্যানুসন্ধানকারী দল রোহিঙ্গাদের ওপর গণহত্যা আর মানবতাবিরোধী অপরাধ চালিয়ে রাখাইন থেকে তাড়িয়ে দেওয়ার প্রাথমিক আলামত খুঁজে পেয়েছেন। তাই এ নিয়ে তদন্ত শুরু করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অনুমতি চেয়েছেন আদালতের কৌঁসুলি ফেতু বেনসুদা।তদন্তের সঙ্গে যুক্ত কাজগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য আইসিসির উপকৌঁসুলি জেমস স্টুয়ার্টের নেতৃত্বে ৫ সদস্যর একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার বাংলাদেশে এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ মঙ্গলবার জাতিরকন্ঠ কে এ তথ্য জানিয়েছেন। তবে সফরের বিস্তারিত তারা জানাননি । আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে পাঁচ দিনের এ সফরের সময় আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তারা জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এ সফরের সময় আইসিসির কর্মকর্তারা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের কাছেও পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন।
রোহিঙ্গাদের জোর করে মিয়ানমার থেকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কীনা তা নিয়ে আইনি মত চেয়ে গত বছরের ৯ এপ্রিল প্রাক-শুনানি আদালতে আবেদন জানান ফেতু বেনসুদা। পরে গত বছরের জুনে আইসিসির অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে পর্যবেক্ষণ পাঠায় বাংলাদেশ। কিন্তু মিয়ানমার আগস্টে জানিয়ে দেয়, আইসিসির এ নিয়ে কাজ করার এখতিয়ার নেই। কারণ মিয়ানমার রোম সনদে সই করেনি। তাই আইসিসিতে কোনো পর্যবেক্ষণ পাঠাবে না মিয়ানমার।



