মুক্তিযোদ্ধার স্টোক ডাক্তার পালাল ভয়ে

মেডিকেল রিপোর্টার : মুক্তিযোদ্ধার স্টোক করেছে কিন্তু ডাক্তাররা পালাল ভয়ে। করোনা সন্দেহে চিকিৎসা পেল না মুক্তিযোদ্ধা মো. আলমাস উদ্দিন। একের পর এক হাসপাতাল ঘুরে মৃত্যু প্রায় অবস্থা হলো তাঁর। শেষমেষ রাজধানীর মুগদা হাসপাতালে রোববার সকালে তার মৃত্যু হয়।পরিবারের অভিযোগ চিকিৎসা না পেয়ে করুণ মৃত্যু হয়েছে মুক্তিযোদ্ধার।
স্বজনরা জানান, ৬৮ বছর বয়সী আলমাসের মৃত্যুর আগে তার পরিবার চার হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু করোনা সন্দেহে কোনো হাসপাতালই তাকে ভর্তি করেনি। আলমাস উদ্দিনের বড় ছেলে আরিফ হাসান জাতিরকন্ঠ কে অভিযোগ করে জানান, শনিবার ভোরে তার বাবা বাসাবোর নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এর পর তাকে বারডেম হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পপুলার হাসপাতাল ও কুয়েতমৈত্রী হাসপাতালে নেয়া হলে করোনা আক্রান্ত সন্দেহে কোনো হাসপাতালই ভর্তি করতে রাজি হয়নি।
পরে রাত ১২টায় মুগদা হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও ততক্ষণে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। এ অবস্থায় রোববার সকালে সেখানেই মারা যান বাবা।মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটেও ব্রেইন স্ট্রোকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান আরিফ।রোববার বাদ জোহর বাসাবো মাঠে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় মাদারটেক কবরস্থানে দাফন করা হয় তাকে।



