• রোববার , ২৬ জুলাই ২০২৬

ফ্ল্যাট থাকা সত্বেও প্লট চান রুমিন-


প্রকাশিত: ২:৫৮ পিএম, ২৬ আগস্ট ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

 

বিশেষ প্রতিনিধি : ফ্ল্যাট থাকা সত্বেও ১০ কাঠা প্লট চান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নেয়া বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।শপথ নেয়ার দু’মাসের মধ্যে সরকারের কাছে ১০ কাঠার প্লট চেয়েছেন বিএনপির এই নেত্রী। প্লট দিলে তিনি সরকারের কাছে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও তার আবেদনে উল্লেখ করেছেন। এদিকে মন্ত্রীর কাছে পাঠানো চিঠি ফেসবুকে ভাইরাল হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন রুমিন ফারহানা।তিনি বলেছেন, আমার প্রশ্ন, মন্ত্রণালয় কীভাবে একটা গোপনীয় চিঠি প্রকাশ করল? তারা আমার মোবাইল নম্বর ভাইরাল করে দিল। এটা কেন করল? এটা সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া হয়নি।

জানা গেছে, গত ৩ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বরাবর প্লট চেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা আবেদন করেন। এতে তিনি বলেছেন, ঢাকার পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট প্রয়োজন। ঢাকায় আমার কোনো জমি বা ফ্ল্যাট নেই। ওকালতির বাইরে আমার কোনো পেশা বা ব্যবসা নেই। ১০ কাঠার প্লট বরাদ্দ দেয়া হলে ‘চিরকৃতজ্ঞ’ থাকব। জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম রোববার জাতিরকন্ঠ কে বলেন, ১০ কাঠার একটি প্লট চেয়ে বিএনপির এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার আবেদন পেয়েছি। আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র জানায়, ব্যারিস্টার রুমিন ফারহানার আবেদনে ঢাকা শহরে কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নেই বলে দাবি করা হলেও নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা থেকে জানা গেছে, রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে তার একটি ফ্ল্যাট রয়েছে। সেটাকে তিনি স্থায়ী ঠিকানা হিসেবেও হলফনামায় লিখেছেন। হলফনামায় ব্যারিস্টার রুমিন ফারহানা আরও লিখেছেন, আনুমানিক ১৮৫০ বর্গফুটের সেই ফ্ল্যাটটি তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছেন।

এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা একা নন, নবম জাতীয় সংসদে বিএনপি থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর কাছে নতুন করে প্লট চেয়ে আবেদন করেছেন। বিএনপির শাসনামলে সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্লট পান এবং একই সময় তার স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদও প্লট নেন।

পরে এক-এগারোর সরকার তাদের দু’জনেরই প্লট বাতিল করে দেয়। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন পাপিয়া। পরে রায় তার অনুকূলে এলেও তাকে প্লট বুঝিয়ে দেয়া হয়নি। অন্যদিকে তার স্বামী মো. হারুনুর রশীদ বর্তমান একাদশ জাতীয় সংসদের সদস্য। হারুনুর রশীদ নতুন করে প্লটের জন্য আবেদন না করলেও তার স্ত্রীর প্লটের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কয়েক দফা যোগাযোগ করেছেন। তবে এ বিষয়ে সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্লটের জন্য আবেদন করা নিয়ে জানতে চাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি যে সুবিধা চেয়েছি সেটা সরকারি সুবিধা নয়, রাষ্ট্রীয় সুবিধা। সংবিধান আমাকে এ সুবিধা দিয়েছে। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তো সংসদ সদস্য না, তাহলে তিনি কী করে শুল্কমুক্ত গাড়ি সুবিধা পান? আসলে মুহিতের ঘটনা চাপা দিতেই সরকার এটি করেছে।তিনি বলেন, এটা সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া হয়নি। আমি জানতাম না কোনো মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এভাবে বের হয়। আসলে বিরোধী মতকে নগ্নভাবে তুলে ধরছে তারা।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ৮টি আসনে জয়লাভ করে। নানা নাটকীয়তার পর শেষ সময়ে এসে বিএনপির ৬ সংসদ সদস্যের পাঁচজন শপথ নেন। আর আগে গণফোরামের দু’জন সংসদ সদস্য শপথ নেন। শপথ না নেয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা করা হয়। পরে সেখানে উপনির্বাচনে বিএনপির জিএম সিরাজ নির্বাচিত হন।