ফের নাটাই ঘুরাচ্ছেন রওশন দিলেন পদোন্নতি
বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টিতে ফের দলাদলি শুরু করেছেন রওশন এরশাদ পন্থিরা। এর নাটাই ঘুরাচ্ছেন খোদ রওশন এরশাদ। এবার তিনি গঠনতন্ত্র অমান্য করে প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতা বলে ১৬ নেতার পদোন্নতি দিয়েছেন। আজ বুধবার হঠাৎ করেই দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ছেলে সাদ এরশাদসহ ১৬ জন নেতাকে পদোন্নতি দিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ বলেছেন, সম্মেলনে অর্পিত দায়িত্ব ও প্রদত্ত ক্ষমতা বলে সংগঠনের কার্যক্রম গতিশীল করার স্বার্থে এই পদায়ন করা হলো।এ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নাখোশ। তিনি বিবৃতি না ছাপতে অনুরোধ করেছেন।
জানা গেছে, রওশন এরশাদ তাঁর ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও দলের পুরোনো নেতা এম এ ছাত্তারকে কো চেয়ারম্যান করেন। এ ছাড়া ১১ জনকে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করেন। তাঁরা হলেন দেলোয়ার হোসেন খান, খালেদ আখতার, ইকবাল হোসেন (রাজু), নূরে হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, ফকরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুন, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম (নুরু), নুরুল ইসলাম (ওমর) ও আরিফুর রহমান খান। এর বাইরে আমানত হোসেন ও মো. ইয়াহিয়াকে ভাইস চেয়ারম্যান এবং জসিম উদ্দিন ভূঁইয়া ও মো. রেজাউল করিমকে যুগ্ম মহাসচিব নিযুক্ত করা হয়। এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ প্রসঙ্গে জাপার মহাসচিব মসিউর রহমান বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষক (রওশন এরশাদ) এমন কিছু করতে পারেন না। গত ২৮ ডিসেম্বর জাপার কেন্দ্রীয় সম্মেলনের পর ৮ জন কো-চেয়ারম্যান ও ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়। তাতে রওশনের তালিকায় থাকা নেতাদের নাম ছিল না।জাতীয় পার্টি সূত্র জানায়, কাউকে না জানিয়ে হঠাৎ করে রওশন এরশাদের এই পদোন্নতি দেওয়ার ঘটনায় জ্যেষ্ঠ নেতারা নাখোশ। তারা মনে করছেন, রওশন এরশাদ ও জি এম কাদেরকে ঘিরে দলে ভেতরে যে দুটি পক্ষ তৎপর, এ ঘটনা তারই বহিঃপ্রকাশ। এবারের সম্মেলনে জি এম কাদের চেয়ারম্যান ও রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়। অনেকে মনে করছেন, রওশনকে প্রধান পৃষ্ঠপোষক পদে অধিষ্ঠিত করে কার্যত দলের কর্তৃত্ব থেকে তাঁকে কৌশলে দূর সরিয়ে দেওয়া হয়েছে। এ কারণে পদবঞ্চিত নেতারা রওশনের পক্ষ নিয়ে তৎপর হয়েছেন।



