ফের ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ট্রাম্পের জামাই ও উইটকফ পাকিস্তানে যাচ্ছেন
কূটনৈতিক রিপোর্টার : যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সোমবার রাতে ইসলামাবাদে পৌঁছবেন। যাচ্ছেন ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারও। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সপ্তাহে আবারো শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকাকে রোববার ট্রাম্প একথা জানান। হোয়াইট হাউজ থেকে এক ফোনকলে তিনি বলেন, বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সোমবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছবেন। মঙ্গলবার এই আলোচনা হওয়ার কথা রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, বৈঠকে তার জামাতা জ্যারেড কুশনারও অংশ নেবেন।
এর আগে ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম দফা শান্তি বৈঠকে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এবার তিনি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না।গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফা আলোচনা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।
ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়।এরপর হরমুজে উত্তেজনা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়েছে।




