‘প্রধানমন্ত্রী বললে মন্ত্রিত্ব ছেড়ে দেব’
বিশেষ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে বললে আমিও ছেড়ে দেব। মন্ত্রিসভা থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সরানো হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জাতিরকন্ঠ কে বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী বলতে পারবেন। তাঁর সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন। মন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন। তবে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোনো খবর নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনা কম।ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা রদবদল রুটিন বিষয়, যা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে কোনো রদবদল হবে বলে মনে হয় না। এর সম্ভাবনা একেবারেই কম।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা।



