দখল রুখতে পুলিশ ফাঁড়ি কাওরানবাজারে
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ফুটপাত ও সড়কের উপর নির্মিত সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএনসিসির মেয়র এসব কথা বলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এবং সাজিদ আনোয়ারের নেতৃেত্ব ডিএনসিসি এ অভিযান চালায়।
ফুটপাত ও সড়কে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকবে না এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এ সব রাস্তা ও ফুটপাত নির্মাণ করা হয়েছে। জনগণ কোনো অবস্থাতেই চায় না রাস্তা ও ফুটপাতগুলো অবৈধ দখলদারদের হাতে চলে যাক। ফুটপাত ও রাস্তা দখল করার কারণে জনগণ অনেক কষ্ট করেন, দুর্ভোগ পোহান বলেও জানান তিনি।অভিযানকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, শেড, ফুটপাতের উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএনসিসির মেয়র বলেন, ফুটপাত ও সড়ক দখল করে জনগণকে দুর্ভোগে রেখে কোন ধরনের বাণিজ্য করতে দেওয়া হবে না। কারওয়ান বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলেও তিনি জানান।তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক তেজগাঁও সড়কটি ট্রাক-কাভার্ডভ্যানের দখল থেকে মুক্ত করেছিলেন। কারওয়ান বাজারের এ রাস্তাগুলো যদি আমরা অবৈধ দখল থেকে মুক্ত করতে পারি, তাহলে খুব সহজেই এ অঞ্চলের যোগাযোগ নিশ্চিত করা যাবে।
আতিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজারের এই রাস্তাগুলো অনেক প্রশস্থ, অবৈধ দখলমুক্ত করা গেলে ফার্মগেট থেকে রেল ক্রসিংয়ের পাশ দিয়ে কাওরান বাজারের এ সব রাস্তায় যানজট অনেকটা কমে যাবে।উদ্ধারকৃত ফুটপাত ও সড়ক আবারো যাতে দখল হয়ে না যায় সে জন্য মেয়র গণমাধ্যম এবং জনগণের সহযোগিতা কামনা করেছেন। আতিকুল ইসলাম বলেন, পুনরুদ্ধারকৃত ফুটপাত ও সড়ক দখল হওয়া থেকে রক্ষা করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।



