• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ প্রহসন-


প্রকাশিত: ১২:০১ এএম, ৯ ফেব্রুয়ারি ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

বিশেষ প্রতিনিধি : দেশের মালিকদের বঞ্চিত করে সুবর্ণজয়ন্তী উদযাপন করা জনগণের সঙ্গে সরকারের প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিয়নে (ডিআরইউ) আয়োজিত এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।ড. কামাল বলেন, ‘দেশের মালিকদের বঞ্চিত করে বর্তমান সরকারের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে জনগণের সাথে প্রহসন। জনগণকে বঞ্চিত করে যারা ক্ষমতা দখল করে আছেন তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করতে হবে।’

ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘এটা লজ্জার ব্যাপার যে যখন স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে তখনও মানুষকে তাদের নিজেদের ক্ষমতা থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকার জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষকে বঞ্চিত করছে। সরকার প্রচার চালাচ্ছে যে তারা এ বছর স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছে। এ বছরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে পালন করা উচিৎ। দেশের মালিক মানুষকে বঞ্চিত করে স্বাধীনতার ৫০ বছর উদযাপন একটা প্রহসন।’

কামাল আরও বলেন, ‘আমরা সহজ ভাষায় সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানাতে চাই। এ সরকারকে পদত্যাগ করার কথা বললে হবে না। তাদের লাথি মেরে নামাতে হবে। স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য বর্তমান সরকার যে অপচেষ্টা চালাচ্ছে তা জনগণ মেনে নেবে না। যেভাবে দুর্নীতি, কুশাসন, মানুষের বিরুদ্ধে অত্যাচার চলছে এটা আর মেনে নেওয়া যায় না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর হওয়ার প্রতিবাদে আয়োজিত সভায় তার মুক্তির দাবি করেন কামাল। বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছরে কেউ দেশে রাজবন্দী হবেন এবং তাকে মুক্তির জন্য সভা করতে হবে এটা দুঃখের বিষয়।’ এ সময় দেশের মালিকানা ফিরে পেতে ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান।

ড. কামাল আরও বলেন, ‘এখন আমাদের শুধু সভা-সমাবেশের কথা চিন্তা করলে হবে না। স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে সামনে রেখে মানুষকে অনুপ্রাণিত করতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামতে হবে। ক্ষমতা আত্মসাৎকারীদের বিতাড়িত করতে চলুন আমরা মালিক হিসেবে ভূমিকা রাখি।’