জনগণকে দেশের মালিকানা বঞ্চিত করা হচ্ছে’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন বঙ্গবন্ধু থাকবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন, বাংলাদেশ একটি দেশ হবে যেখানে জনগণ হবে ক্ষমতার মালিক। সেটা সংবিধানে তার স্বাক্ষরিত দলিলের মধ্যে লেখা আছে। অথচ, জনগণকে বাস্তবে অধিকার বা মালিকানা থেকে বঞ্চিত করা হচ্ছে।তিনি বলেন, জনগণের সেই মালিকানা কীভাবে আসবে? যদি নির্বাচন সঠিক, অবাধ, নিরপেক্ষ হয়, মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়, তখন মালিক হিসেবে জনগণ ও আমরা সবাই সেই মালিকানার ভূমিকা পালন করতে পারি।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে এক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গণফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।জনগণই দেশের মালিক উল্লেখ করে গণফোরামের সভাপতি বলেন, জাতির পিতা জনগণের এই মালিকানা দিয়ে গেছেন, স্বীকৃতি দিয়ে গেছেন। যারা যেনতেনভাবে ক্ষমতা দখল করে আছে, ক্ষমতার অপব্যবহার করছে, লুটপাটকে প্রশ্রয় দিচ্ছে, তারা দেশের মালিক না।
ড. কামাল হোসেন বলেন, জনগণের স্বার্থে কাজে না লাগিয়ে যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে উল্টো কাজ করে, বঙ্গবন্ধুর নাম, ছবি দেখিয়ে আখের গোছাচ্ছে, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের ১৬ আনা বিপরীত। বঙ্গবন্ধুর সারা জীবনের লড়াই ছিল— জনগণকে এ দেশের মালিক হিসেবে দেখা। এ কারণে তাকে জীবনও দিতে হলো।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ভুলে গেলে চলবে না। তার আদর্শ সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে, সে ঐক্য অপরিহার্য। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠা করতেই হবে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন- গণফোরাম নেতা ও আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান, সভাপতিমণ্ডলীর সদস্য মহসিন রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী প্রমুখ।



