‘জঙ্গিদের কোমর ভেঙ্গে দেয়া হয়েছে-‘
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে আর হলি আর্টিজান হামলার মতো ঘটনা ঘটবে না। জঙ্গিদের কোমর ভেঙ্গে দেয়া হেয়েছে। ওরা আর সাংগঠনিকভাবে সম্পৃক্ত নেই। একই সঙ্গে এই ঘটনার যারা জড়িত ছিলেন তাদের সবাই হয়তো কোনো অভিযানে নিহত হয়েছে, নয়তো গ্রেফতার হয়ে জেলখানায় রয়েছে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি আর বাংলাদেশে না ঘটে, সে লক্ষ্যে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
আজ সোমবার সকালে হলি আর্টিজানে জঙ্গি হামলার স্থলে তৈরি বেদিতে পুষ্পস্তক অর্পণ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি বলেন, আজকের এই দিনে তিন বছর আগে গুলশানের হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। হামলায় দুই পুলিশ সদস্যসহ ২২ জন নিহত হয়েছিল। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তাদের পরিবার শোক কাটিয়ে উঠুক, সে কামনা করছি। আমরা আশা করছি, দ্রুত বিচার কাজ শেষ হবে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নিহতের পরিবার তাদের অপূরণীয় ক্ষতির ক্ষেত্রে একটু হলেও মানসিক সান্তনা পাবেন।মনিরুল ইসলাম বলেন, নাগরিক তথ্য সংগ্রহ, সরাসরি অভিযান, সচেতনতামূলক কর্মসূচিসহ ডিএমপির নানা উদ্যোগ রয়েছে। আমরা বিশ্বাস করি, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিমুক্ত বাংলাদেশে পরিণত হবে।
তিনি আরও বলেন, জঙ্গিবাদের যে সাংগঠনিক কাঠামো, তা আমরা বিভিন্ন অভিযানে ভেঙে দিয়েছি। তবে জঙ্গিদের আমরা দমন করতে পারলেও, জঙ্গিবাদ মতাদর্শে বিশ্বাস করে কিংবা উগ্রবাদ বা জঙ্গিবাদে উদ্বুদ্ধ ব্যক্তি এখনও সমাজে বিদ্যমান। বড় ধরনের হামলার আশঙ্কা নেই। ছোট খাট হামলাও যেন না ঘটাতে পারে, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।



