• রোববার , ২৬ জুলাই ২০২৬

ছাত্রলীগে পচনে আবরারের শেষ বিদায়


প্রকাশিত: ৩:৪১ পিএম, ৮ অক্টোবর ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৪০ বার

 

কুষ্ঠিয়া প্রতিনিধি : ছাত্রলীগে পচনে আবরারের শেষ বিদায় সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে। নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হোসেন ফাহাদের দাফন সম্পন্ন হয়েছে আজ মঙ্গলবার ৮ অক্টোবর, সকাল সাড়ে ১০টায়। তার পৈতৃক ভিটা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই পারিবারিক কবরস্থানে আবরারের দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদের পাশের সড়কে অনুষ্ঠিত হয় আবরারের দ্বিতীয় জানাজা। গতকাল সোমবার রাত ১০টার দিকে বুয়েট ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।আবরারের লাশ গ্রামের বাড়িতে পৌঁছার সাথেসাথেই সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় সন্তানের প্রাণহীন দেহ ছুঁয়েই বাকরুদ্ধ হয়ে যান তার মা রোকেয়া খাতুন। বারবার মূর্ছা যান তিনি। সন্তান হারানো মায়ের আহাজারি আর কান্নার আওয়াজে আশেপাশের সবার চোখ আর্দ্র হয়ে ওঠে।

প্রতিবেশীসহ দূর-দূরান্ত থেকেও অনেকেই এসেছেন শেষবারের মতো আবরারকে দেখতে। স্বজনদের সঙ্গে তাদের চোখও ছিলো ভেজা। এমনকি কয়েকজন পুলিশ সদস্যও তখন কাঁদছিলেন।কান্নায় ভেঙে পড়েন আবরারের বাবা বরকত উল্লাহও। তবে তার কান্নায় ছিল ক্ষোভ। জানাজায় অংশ নেওয়া মানুষের কাছে তিনি সন্তানের হয়ে ক্ষমা চান। উপস্থিত জনতা তার সন্তানকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করে মরদেহ নিয়েই বিক্ষোভ শুরু করেন। এ সময় আবরারের হত্যাকারীদের বিচার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

গত ৬ অক্টোবর, রবিবার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরে বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আবরারকে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে গতকাল সন্ধ্যার পর চকবাজার থানায় হত্যা একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ।আবরার হত্যাকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করে বুয়েটের ৯ জন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আর বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ কমিটির ১১ জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।