• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘কোনো গডমাদার পার পাবে না’


প্রকাশিত: ৯:৪৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৮ বার

বিশেষ প্রতিনিধি : কোনো গডমাদার পার পাবে না। সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।তিনি বলেন, যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না। শুধু পাপিয়া নয় তাদের সকল গডফাদার-গডমাদারকেও আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই এসব কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না।

আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নতুন থানার উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাগর-রুনী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর চিত্রনায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। এক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর রুনী হত্যাকাণ্ডের জট খুলে এর মূল রহস্য উদঘাটন করা হবে।মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়ে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেতুমন্ত্রী দলের অবস্থান পরিষ্কার করেছেন।

দর্শনার নতুন থানা উদ্বোধনের পর মন্ত্রী বলেন, সীমান্ত জেলা হিসাবে চুয়াডাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। দর্শনা তার অন্যতম। ইতিমধ্যে দর্শনাবাসীর প্রাণের দাবি দর্শনাকে থানায় রূপান্তরিত করা হলো। খুব শীঘ্রই এটাকে উপজেলায় পরিণত করা হবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে।থানা উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী এক জনসভায় যোগ দেন মন্ত্রী। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসাদ হাজী আলি আজগর টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।