ওয়াসার দুষিত পানি-রিপোর্ট দাখিলে গরিমসি
কোর্ট রিপোর্টার : ওয়াসার দুষিত পানি নিয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতেও গা’ছাড়া অবস্থা কর্তৃপক্ষের। এ নিয়ে ক্ষুদ্ধ আদালত। এনিয়ে ফের শুনানি হবে ৩০ জুলাই। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ওয়াসার পানির নমুনাতে ব্যাকটেরিয়া ও মলের অস্তিত্ব রয়েছে- এ সংক্রান্ত তথ্য উঠে আসার পর ওয়াসাকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, আমাদের দরকার বিশুদ্ধ পানি। আমরা অতশত বুঝি না, বিশুদ্ধ পানি চাই।
বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মন্তব্য করেন। এ বিষয়ে আগামী ৩০ জুলাই পরর্বতী শুনানির দিন ঠিক করেছেন আদালত। আদালতে আজ শুনানি করেন ওয়াসার আইনজীবী এএম মাসুম। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।
পানি পরীক্ষায় আদালতের নির্দেশে গঠিত চার সদস্যের কমিটির প্রতিবেদন গত ৭ জুলাই আদালতে উপস্থাপন করা হয়। সেই প্রতিবেদনে ঢাকা ওয়াসার ১০টি বিতরণ জোনের ৩৪টি নমুনার মধ্যে আটটি পানির নমুনায় ব্যাকটেরিয়াজনিত দূষণ রয়েছে বলে উল্লেখ করা হয়। আদালত এ প্রতিবেদন সম্পর্কে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়ে ২৪ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন রাখেন।
শুনানিতে এএম মাছুম বলেন, সমন্বিত পানি পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছিল ফেকাল কলির্ফম পাওয়া গিয়েছিল। সেই প্রতিবেদনে কিছু সুপারিশ ছিল সেগুলো বাস্তবায়ন করছি। সে সুপারিশ অনুসারে আইসিসিডিআরবি ও বুয়েটে আমাদের পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পাতলা খান লেনের পানির রিপোর্ট পেয়েছি। মিরপুরেরটা রোববার পাব।
তখন তানভীর আহমেদ বলেন, আদালতের আদেশের পরে পানি পরীক্ষার জন্য কমিটি গঠন করতে তিন মাস সময় লেগেছিল। আজকে প্রতিবেদনের ওপর জবাব দাখিলের কথা। এএম মাছুম বলেন, একটা প্রতিবেদন হাতে এসেছে। মিরপুরেরটা রোববার আসবে। আসলে প্রতিবেদন দিয়ে দেব।এ সময় আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলেন, তারা (ওয়াসা) যদি সমস্যা সমাধান করতে পারে, তা হলে ভালো। আমাদের দরকার পানি। বিশুদ্ধ পানি। আমরা বিশুদ্ধ পানি চাই। এটি নিশ্চিত করতে পারলে ভালো।এর পর আদালত পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করেন।



