ইভিএম কার ভোট কে দিল?
বিশেষ প্রতিনিধি : ইভিএম এ কার ভোট কে দিল তা নিয়ে শুরু হয়েছে রহস্য। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রথমবার ভোট দেবেন বলে অনেক আশা নিয়ে ভোটকেন্দ্রে এসেছিলেন এক ব্যক্তি। কিন্তু কেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি তার। ওই ব্যক্তিকে ভোট দিতে সাহায্য করার কথা বলে আরেক ব্যক্তি তার হয়ে ইভিএমের বোতাম চেপে ভোট দিয়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগ করা ব্যক্তি বলেন, ‘আমি যখন বুথের ভেতর ঢুকলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বললেন, আসেন আপনাকে সহযোগিতা করি। এই বলেই আমি (ইভিএমে) চাপ দেওয়ার আগেই উনি সবগুলো প্রেস করে দিলেন।’
ওই ব্যক্তি আরও বলেন, ‘তো আমি বললাম, প্রেস তো আমি নিজে করব। জীবনে প্রথম ইলেকট্রনিক মেশিনে ভোট দিতে আসছি। আমি নিজে দেব। এত কষ্ট করে আসছি। কিন্তু উনি বললেন আপনার ভোট হয়ে গেছে। আজ শনিবার ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণকালে বেশ কিছু কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানীর উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দুটি কেন্দ্রেও একজনের ভোট আরেকজন দিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কেন্দ্রে দুপুর সোয়া ১২টার দিকে ভোট দিতে আসা এক নারী অভিযোগ করেন, তিনি ভোট দেওয়ার সময় সেখানে আওয়ামী লীগের দলীয় একজন কর্মী উপস্থিত ছিলেন। তিনি বারবার তাকে চলে যেতে বললেও তিনি যাননি এবং ওই নারী কোথায় ভোট দিয়েছেন, তা দেখেছেন।
অপরদিকে, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টার দিকে ভোট দিতে এসেছিলেন এক ব্যক্তি। কিছুক্ষণ পরে বুথ থেকে বের হয়েই তিনি চিৎকার শুরু করেন।ওই ব্যক্তির অভিযোগ, কেন্দ্রে গিয়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আঙুলের ছাপ দিয়েছিলেন তিনি নিজে। তবে ভোট দেওয়ার বাটনে চাপ দেওয়ার সৌভাগ্য হয়নি তার। এ সময় তার পাশে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তি বাটন চেপে তার ভোট দিয়ে দিয়েছেন।



