ইন্ডিপেন্ডেন্ট যমুনা’র পর এটিএন নিউজ রিপোর্টার করোনাক্রান্ত
স্টাফ রিপোর্টার : বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট যমুনা’র পর এটিএন নিউজ রিপোর্টার করোনাক্রান্ত হয়েছেন। এনিয়ে ৩ সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। বিষয়টি নিশ্চিত করে আজ রোববার এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।এর আগে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও যমুনা টিভির দুইজন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে ৩ সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন।

মুন্নী সাহা বলেন, এটিএন নিউজের একজন প্রতিবেদক দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি গত ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চার দিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং গায়ে ব্যথা শুরু হলে গত ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকাল ১১ এপ্রিল রাতে আইইডিসিআর জানিয়েছে তিনি ‘কোভিড ১৯’ পজিটিভ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মুন্নী সাহা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে চাঙা আছেন। প্রথম থেকেই তার শ্বাসকষ্ট ছিল না। জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।
মুন্নী সাহা আরও বলেন, সেই প্রতিবেদক আক্রান্ত হয়েছেন এটি নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে কথা বলে যে তিন দিন তিনি অফিস করেছেন সেই সময় তিনি যাদের সঙ্গে কাজ করেছেন বা কাদের সঙ্গে মিশেছেন, তার তালিকা নেওয়া হয়। ওই প্রতিবেদকের সংস্পর্শে আসায় এটিএন নিউজের রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রোডিউসার, ডেস্ক মিলিয়ে মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।



