• রোববার , ২৬ জুলাই ২০২৬

ডেঙ্গুতে কাহিল মুগদা হাসপাতাল-


প্রকাশিত: ৭:৪৬ পিএম, ১৮ আগস্ট ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩৭ বার

 

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুতে কাহিল মুগদা হাসপাতালের ডাক্তার’রা-! সরেজমিনে জানা গেছে, রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পনেরো জন চিকিৎসক এবং বাইশ জন নার্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আরো পাঁচজন নার্স ভুগছেন জ্বরে। লোকবল সংকটের ওপর চিকিৎসক আর নার্সদের অসুস্থতার কারণে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত দেড় মাসে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ২৮৭ জন চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে মারা গেছেন ১৭ জন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, পহেলা জুলাই থেকে এখন পর্যন্ত ১৫ জন চিকিৎসক এবং ২২ জন নার্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আরো পাঁচজন নার্স ভুগছেন জ্বরে। রোগীদের বাড়তি চাপ সামাল দিতে হাসপাতালের করিডোরগুলোতে রাখা হয়েছে রোগী। বেশির ভাগ রোগী মশাড়ি ব্যবহারে আগ্রহী না হওয়ায় হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েই যাচ্ছে।

পাঁচশো শয্যার এই হাসপাতালে ঈদের দিন ডেঙ্গু রোগী ছিলো পাঁচশো তিপান্ন জন, ১৩ই আগস্ট ৪৯৬ জন, ১৪ তারিখে ৩৬২ জন, ১৫ই আগস্ট ৩৬৫ জন এবং ১৬ই আগস্ট শনিবার ৩৮৭ জন। কর্তৃপক্ষ বলছে, মুগদা, মান্ডা, মাতুয়াইল, বাসাবো, খিলগাওঁ এবং গোরান নীচু এলাকা বলে সামান্য বৃষ্টিতেই পানি জমে এডিস মশার বংশ বিস্তার সহজ সেখানে।

এছাড়া মানুষের মশারি টানাতে অনীহা থাকায় ওই এলাকাগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।শুধু বর্ষাকাল নয়, এই হাসপাতালে সারা বছরই ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয় বলে জানালেন মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আমিন আহমেদ খান। এই সমস্যা সমাধানে সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ চান তারা।