• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর’


প্রকাশিত: ১:৪৮ এএম, ৪ মার্চ ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৪ বার

স্টাফ রিপোর্টার : নাগরিক সমাজ আগামী ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন ২৬ মার্চের মধ্যে বাতিলের দাবি জানিয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুরে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেয়া হয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এক মাঘে শীত যাবে না। পুলিশ হোক আর যাই হোক, বাতাস বদলাচ্ছে। আপনাদেরকেও বদলাতে হবে। ওই বঙ্গবভনে-গণভবনে যারা আছেন তাঁরাও বদলে যাবেন। শুধু সময়ের ব্যাপার।

এদিন দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে নাগরিক সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশ নিয়েছেন নাগরিক সমাবেশের সভাপতি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আলোকচিত্রী শহিদুল আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, সাংবাদিক সেলিম খান, রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

দুপুর ২টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে নাগরিকদের পদযাত্রা। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নাগরিকদের পক্ষ থেকে ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আলটিমেটাম দেন জোনায়েদ সাকি। এর মধ্যে আইনটি বাতিল করা না হলে প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার দেশের মানুষের মুখ বন্ধ রাখার জন্য এই জঘন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। এটি সংবিধান পরিপন্থী। এই আইন মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।