২৩লাখ টাকা লুটে ভূতুড়ে কান্ড
বিশেষ প্রতিনিধি : প্রিমিয়ার ব্যাংকে ২৩লাখ টাকা লুটে ভূতুড়ে কান্ড ঘটেছে। সোমবার ঈদের আগের শেষ কর্মদিবসের বিকালে ওই ঘটনা ঘটলেও বিষয়টি গোপন করে রাখে ব্যাংক কর্তৃপক্ষ। পরে তা জানাজানি হয় আজ মঙ্গলবার বাড্ডা থানায় মামলা হওয়ার পর। পুলিশ বলছে, এক ব্যক্তি প্রিমিয়ার ব্যাংকের বাড্ডা লিংক রোড শাখায় হানা দিয়ে টাকা লুটের পর সিসি ক্যামেরার ডিভিআরও (ডিজিটাল ভিডিও রেকর্ডার) নাকি নিয়ে গেছে।
মঙ্গলবার থানায় দায়ের করা ওই মামলায় অজ্ঞাত পরিচয় একজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, ব্যাংকের হেড অফিসের এক কর্মকর্তা মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন একজন লোক অস্ত্রের মুখে নয়জনকে জিম্মি করে ২৩ লাখ টাকা লুট করেছেন।
ব্যাংকের ওই শাখার কর্মীদের বরাত দিয়ে ওসি বলেন, ব্যাংক লেনদেন চলাকালে ওই ব্যক্তি প্রথমে ম্যানেজারের কক্ষে ঢোকে। তারপর পিস্তল ঠেকিয়ে কর্মীদের ভল্টে ঢুকতে বাধ্য করে। পরে ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ টাকা নিয়ে চলে যায়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা ব্যাংকের দুইজন নিরাপত্তারক্ষীকে থানায় নিয়ে এসেছি। তবে তারা এখনো গ্রেপ্তার নন। অভিযোগের বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। পুরো ঘটনাটি পর্যবেক্ষণ ও তদন্ত করে দেখা হবে।
এদিকে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত শুরু করেছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের এডিসি মো. শাহজাহান জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি অস্ত্রের মুখে ২৩ লাখ টাকা ও ব্যাংকের সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে। ব্যাংক সংলগ্ন বিভিন্ন বাড়ি ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।যারা ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের এসব ফুটেজ দেখিয়ে অপরাধীকে শনাক্তের চেষ্টা করা হবে।
জানা গেছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান।ক্ষমতাসীন দলের সংসদ সদস্য বি এইচ হারুণ এবং ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীও আছেন এই ব্যাংকের পরিচালনা পর্ষদে।
মঙ্গলবার রাতে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে বলেন, প্রিমিয়াম ব্যাংকের বাড্ডা লিংক রোড শাখায় এক ব্যক্তি প্রবেশ করে ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ টাকা ডাকাতি করেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।



