• রোববার , ২৬ জুলাই ২০২৬

সোনা চোরাচালানী সৌদি বিমানবালা পাকরাও


প্রকাশিত: ১:৫৮ পিএম, ১৮ মার্চ ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৭৪ বার

বিমানবন্দর প্রতিনিধি : এবার সৌদি এয়ারলাইন্সের ২ বিমানবালা ধরা পড়েছে সোনা চোরাচালানে। সংঘবদ্ধ সোনা চোরাচালানী চক্র এদের ব্যবহার করে সোনা পাচার করছিল বলে সন্দেহ করা হচ্ছে। এদের নেপথ্যে আর কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দারা। এনিয়ে সোমবার মামলা দায়ের করা হয়েছে বিমান বন্দর থানায়।জানা গেছে, দুই নারী ক্রুর কাছ থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। সোমবার ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার ও ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহণ করছিলেন। রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর এপিবিএনের সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে তল্লাশি করা হয়।