মোদীর পর ভারতকে হুমকি ইমরানের-
ইসলামাবাদ, ১৯ ফেব্রুয়ারি. প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হুমকির পর ভারতকে পার্টা হুমকি দিলেন ইমরান খান। বললেন, ভারত আক্রমণ করলে
ছেড়ে কথা বলবে না পাকিস্তান। হামলার উপযুক্ত জবাব দেবে। মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, পুলওয়ামায় জঙ্গি হামলায় পাকিস্তানের হাত থাকলে তার যথাযথ তথ্য দিক ভারত। আমি আশ্বস্ত করছি, পুরো ঘটনার তদন্ত হবে।
অভিযোগের সুরে তিনি বলেন, ভারতীয় ভূখণ্ডে কোনও জঙ্গি হামলা হলে তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হয়। এভাবে চলতে থাকলে কোনওদিনই আলোচনায় বসা যাবে না। সমস্যাও মিটবে না। আমরা সন্ত্রাসবাদ নিয়েও আলোচনায় রাজি। তবে ভাববেন না, কোনও চাপের ফলে আমরা তা চাইছি। আমরা শান্তি চাই।যদি কেউ সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তাহলে সে আমাদেরও শক্র।
অন্যদিকে, পুলওয়ামা হামলার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, তদন্তে পূর্ণ সহযোগীতা করবে পাক সরকার। ভারত চাইলে পাকিস্তানে এসেও তদন্ত করতে পারে। পাশাপাশি ভারতকে কটাক্ষ করে তিনি বলেন, কাশ্মীরি যুবকরা কেন পথভ্রষ্ট তার সঠিক কারণ খোঁজা উচিত ভারত সরকারের।কী এমন ঘটেছে যে তাঁদের মধ্যে থেকে মৃত্যুর ভয়ই চলে গিয়েছে । এদিন ইমরান খান দাবি করেন, পাকিস্তানও সন্ত্রাসের শিকার। তবে সহযোগীতার আশ্বাস দিলেও ভিডিওর শেষে ইমরান জানান, ভারত হামলা করলে পাকিস্তানও কিন্তু ছেড়ে কথা বলবে না। প্রত্যাঘাতের মাধ্যমে যথাযথ জবাব দেবে।



