• রোববার , ২৬ জুলাই ২০২৬

মুজিববর্ষে ৬রঙ্গা বাস শৃঙ্খলা ফেরাবে-


প্রকাশিত: ৭:৫৭ পিএম, ১০ এপ্রিল ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

স্টাফ রিপোর্টার : ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন বলেছেন, ২০২০ সালের মুজিব বর্ষে ৬ রঙ্গা বাস রাজধানী ঢাকায় শৃঙ্খলা ফেরাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার (১০ এপ্রিল) বিকালে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় তিনি এসব কথা জানান।রাজধানীতে ছয়টি কোম্পানির আওতায় ২২টি রুটে ছয় রঙের গণপরিবহন চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ২০২০ সালে মুজিব বর্ষের উপহার হিসেবে এটি বাস্তবায়ন করার কথা জানান তিনি।

সভা শেষে ডিএসসিসি’র মেয়র সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি কোম্পানির মাধ্যমে ২২টি রুটে বাস চলাচল কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকা এবং এর আশপাশের এলাকাগুলোতে গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছেন। তাই অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমাদের এ সফলতা কিংবা পরিবহনের শৃঙ্খলা কার্যক্রম মুজিব বর্ষের মধ্যে বাস্তবায়ন করে জনগণকে উপহার দেবো। এর মধ্য দিয়ে গণপরিবহনের বিশৃঙ্খলা রোধ হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ছয়টি কোম্পানির আওতায় পরিচালিত বাসগুলো হবে ছয় রঙের। একেক রঙের বাস একেক রুটে চলবে। ফলে কোনোভাবেই আর বিশৃঙ্খলা হবে না বলে জানান তিনি।আসন্ন রমজানে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়ে মেয়র বলেন, এবারের রমজানে যানজট থাকবে না। প্রতিবছর রমজান মাসে যানজট থাকে অসহনীয় পর্যায়ে। তাই এবারের রমজানে যাতে সেই পরিস্থিতি না হয়, সেজন্য কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য কমিটি কাজ করবে। আশা করবো রমজানে যানজট থাকবে না।