• রোববার , ২৬ জুলাই ২০২৬

মন্ত্রী’র অগোচরে ৩ব্যাংক অনুমোদন?


প্রকাশিত: ৬:৩৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

বিশেষ প্রতিনিধি : বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক নামে তিনটি ব্যাংক কে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলেও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কিছুই জানেন না বলে জানিয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অনুমোদন পাওয়া তিনটি ব্যাংক সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না। এ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেবেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে মন্ত্রী জানেন না কিন্তু ব্যাংক অনুমোদন হয়েছে এতে যে কিন্তু রয়েছে-এখন দেখার বিষয় সেটিই।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরও বলেন, দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে অবশ্যই একীভূত করা হবে। খেলাপি ঋণ কীভাবে কমানো সে রাস্তা খোঁজা হচ্ছে। ব্যাংকের সংখ্যা কত সেটা কোন বিষয় নয়। বরং মানুষ সেবা পাচ্ছে কিনা, এত ব্যাংকের প্রয়োজন আছে কি না – সেটাই মুখ্য বিষয় বলে জানান তিনি। এ সময় ব্যাংকগুলোর বিশেষ অডিট (নিরীক্ষা) করার কথাও বলেন অর্থমন্ত্রী।

এর আগে রবিবার কার্যক্রম শুরু করতে তিনটি ব্যাংককে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক তিনটি হলো-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক।রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাসের বলেন, উদ্যোক্তাদের আবেদন বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করে সন্তুষ্ট হয়ে নতুন তিনটি ব্যাংক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আগামী পর্ষদ সভায় এসব ব্যাংকের চূড়ান্ত অনুমোদন (লেটার অব ইনটেন্ট) দেওয়া হবে। আবু ফরাহ মো. নাসের আরো বলেন, নতুন তিনটি ব্যাংকের অনুমোদনের জন্য উদ্যোক্তাদের পরিশোধিত মূলধন আরও ১০০ কোটি টাকা বৃদ্ধি করতে হবে। বর্তমানে কার্যক্রম পরিচালনাকারী ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। তবে নতুন তিনটি ব্যাংকের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা দিতে হবে।